রাবির হলগুলোতে ইন্টারনেট সেবা বাড়াতে উদ্যোগ
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুই মাসের আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে ফ্রি ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপাচার্য বলেন, “ইউজিসির চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্রি ও দ্রুতগতির ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দিয়েছেন এবং এ জন্য দুই মাস সময় নির্ধারণ করা হয়েছে। তবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত ৬০ দিনের আগেই একাডেমিক ভবনসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে এই সেবা চালু করতে কাজ চলছে।”
তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবাদানকারী দপ্তর পরিদর্শন করছেন তিনি। এসব দপ্তরের কার্যক্রম এবং সেবার মান শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের প্রত্যাশা পূরণ করছে কি না, তা যাচাই করাই তার মূল লক্ষ্য।
উপাচার্য আরো বলেন, “আবাসিক হলগুলোতে থাকা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মানসম্মত ইন্টারনেট সেবা না পাওয়ার অভিযোগ জানিয়ে আসছে। যেহেতু আইসিটি সেন্টার এ দায়িত্বে রয়েছে, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, সোমবার (৩০ মার্চ) ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের পুরোনো শেরে-ই-বাংলা ফজলুল হক হল ও মন্নুজান হল পরিদর্শন করেন উপাচার্য। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রও পরিদর্শন করেন তিনি।
ঢাকা/ফাহিম/জান্নাত
২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে এল ‘পিভিটি সোলানা’