ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তেলের জন্য কৃষিমন্ত্রীকে কৃষকের ফোন, সমস্যা সমাধানের আশ্বাস

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ৩১ মার্চ ২০২৬  
তেলের জন্য কৃষিমন্ত্রীকে কৃষকের ফোন, সমস্যা সমাধানের আশ্বাস

জ্বালানি তেলের সমস্যা সমাধান বিষয়ে বৈঠকের উপজেলা কৃষি কর্মকর্তাকে কৃষকদের পক্ষ থেকে পেয়ারা উপহার দেওয়া হয়।

কৃষিযন্ত্র চালানোর জন্য পাম্পে গিয়ে চাহিদা মাফিক জ্বালানি তেল পাচ্ছেন না পাবনার কৃষকরা। ফলে ডিজেল সংকটে বেশ বিপাকে পড়েছেন তারা। ফসল উৎপাদন, কাটা, মাড়াই কাজে ভোগান্তি ও ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন।

পাবনার ঈশ্বরদী উপজেলার এমনই ভুক্তভোগী কয়েকজন কৃষক উপজেলা কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান না পেয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে ফোন দেন। মন্ত্রীও তাৎক্ষণিক সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন। কিন্তু আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল পর্যন্ত সমস্যার সমাধান হয়নি বলে জানান কৃষকেরা।

আরো পড়ুন:

ঈশ্বরদী উপজেলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক ময়েজ উদ্দিন ওরফে কুল ময়েজ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রতিটি ফসল আবাদে বর্তমানে আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার হচ্ছে। মাড়াই কাজে হারভেস্টার, জমি চাষ দিতে পাওয়ার ট্রিলার, সেচের জন্য শ্যালো মেশিন, এমনকি ওষুধ ছিটাতেও যন্ত্রচালিত স্প্রে ব্যবহার করা হচ্ছে। প্রতিটি যন্ত্র চালাতেই প্রয়োজন ডিজেল। কিন্তু এই যন্ত্রগুলো তো বহন করে তেল পাম্পে নিয়ে যাওয়া সম্ভব নয়। যে কারণে কৃষকরা দীর্ঘদিন ধরে ক্যানে (ঢোপ) তেল নিয়ে যেতেন। বর্তমানে ক্যানে তেল দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারির কারণে পাম্প কর্তৃপক্ষ তাঁদের তেল দিচ্ছেন না। এতে উপজেলার শত শত কৃষক বিপাকে পড়েছেন।

ময়েজ উদ্দিন বলেন, তেল সমস্যা সমাধানে কিছু দিন হলো উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের চিরকুট (স্লিপ) দিচ্ছিলেন। কিন্তু তাতেও পাম্প কর্তৃপক্ষ তেল দিচ্ছেন না। ফলে গত রবিবার (২৯ মার্চ) বিকেলে তাঁরা ৪০ থেকে ৪৫ জন কৃষক ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তরে গিয়েছিলেন কিন্তু সেখানে সমস্যার সমাধান মেলেনি।

তিনি আরো বলেন, ‘‘সমাধান না পেয়ে আমি বিকেল ৫টা ৪১ মিনিটে সরাসরি কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিকে ফোন দিয়ে কথা বলি। পরে মন্ত্রীর সঙ্গে কৃষি কর্মকর্তাকে কথা বলিয়ে দেই। মন্ত্রী তাৎক্ষণিক সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে সেখান থেকে ইউএনও সাহেবের কাছে গিয়েও বিষয়টি অবগত করি। তিনি বলেছিলেন, কৃষি অফিসার তাকে চিঠি দিলে তিনি দেখবেন।’’ 

জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক ময়েজ উদ্দিন বলেন, ‘‘আজ মঙ্গলবার (৩১ মার্চ) আবার কৃষি অফিসে গিয়েছিলাম খোঁজ নিতে। কৃষি অফিসার বলেছেন, তিনি ইউএনও সাহেবকে চিঠি দিয়েছেন। ইউএনও সাহেব সেই চিঠি জেলা প্রশাসকের কাছে পাঠাবেন। জেলা প্রশাসক অনুমতি দেওয়ার পর নাকি তেল দেবে। কিন্তু ইউএনও সাহেব কবে জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠাবেন, আর কবে সমস্যার সমাধান হবে, বুঝতে পারছি না। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত সমাধান হয়নি। কৃষক তেল পাচ্ছে না। ইতিমধ্যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে।’’ 

কৃষক ময়েজ উদ্দিন বলেন, ‘‘দেশে কত রকম কার্ড আছে কিন্তু আমাদের কৃষকদের কোনো তালিকা নেই, কার্ড নেই। যার কারণে আমাদের পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে। তেলের ক্ষেত্রেও তাই হচ্ছে। একটা কৃষি কার্ড থাকলে সবক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে কৃষকদের সমস্যার সমাধান হতো। দ্রুত তেল সংকট সমস্যার সমাধান না হলে ফসল ও কৃষকের ব্যাপক ক্ষতি হবে।’’ 

ভুক্তভোগী কৃষক ঈশ্বরদী পৌর সদরের ৯ নাম্বার ওয়ার্ডের ইস্তা মহল্লার বাসিন্দা আদম আলী বলেন, ‘‘আমার একটি হার্ভেস্টর, একটি ট্রাক্টর, ৩টি পাওয়ার টিলার, দুটি পাওয়ার স্প্রে ও একটি জমি চাষের আলাদা মেশিন আছে। এই ৮টি যন্ত্র ব্যবহার করতে প্রতিদিন ৮০ থেকে ১০০ লিটার তেল লাগে। কিন্তু এখন দুই দিন পরপর ৫০-৬০ লিটার তেল দেয়। সেটা দিয়ে এক দিন চালানোই কঠিন। খুব সমস্যার মধ্যে আছি।’’ 

আরেক কৃষক জাহিদুল ইসলাম ওরফে গাজর জাহিদ বলেন, ‘‘তেল নিয়ে যেন তেলেসমাতি চলছে। অসাধু ব্যবসায়ীরা তেল মজুত করে মুনাফা লুট করছে। আর সাধারণ কৃষক আমরা আবাদের জন্য তেল পাচ্ছি না। আমাদের কৃষিযন্ত্রগুলো বসে থাকছে। আবাদ বা ফসল কাটা, মাড়াই বন্ধ হয়ে আছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু এভাবে চললে তো কৃষক বাঁচতে পারবে না।’’ 

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, ‘‘আমরা সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছি। তেল পাম্পগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। কিছু কৃষক তেল পেয়েছেন। আশা করছি, আগামীকাল বুধবার থেকে সবাই তেল পাবেন।’’ 

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ‘‘ঢোপে তেল নিতে গেলে মোটরসাইকেল চালকরা বাধা দেন। এতে ভুল বোঝাবুঝি ও বাগবিণ্ডা হয়। সমস্যা সমাধানে আমরা ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ নিয়েছি। কৃষি বিভাগকে বিষয়টি তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে। পাম্পমালিকদের সঙ্গেও কয়েকদফা বৈঠক করা হয়েছে। আশা করছি, আর সমস্যা থাকবে না।’’ 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়