ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এক সপ্তাহের মধ্যে পরীক্ষামূলক ফুয়েল পাস চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ৩১ মার্চ ২০২৬   আপডেট: ১৭:৩৭, ৩১ মার্চ ২০২৬
এক সপ্তাহের মধ্যে পরীক্ষামূলক ফুয়েল পাস চালু

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনা এবং অবৈধ মজুত ঠেকাতে সরকার এক সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস চালু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে সীমিত পরিসরে এটি বাস্তবায়ন করা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, ফুয়েল পাস ব্যবস্থার জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে দেশের দু’একটি এলাকায় পরীক্ষামূলকভাবে এটি চালু করা হতে পারে। ইতোমধ্যে কিছু জেলা প্রশাসন নিজ উদ্যোগে ম্যানুয়াল পদ্ধতিতে এ ধরনের ব্যবস্থা চালু করেছে বলেও জানান তিনি।

যুগ্ম সচিব বলেন, ‘‘সব ধরনের ব্যবহারকারীকে একসঙ্গে এই ব্যবস্থার আওতায় আনা সহজ নয়। তাই নির্দিষ্ট কোনো শ্রেণির যানবাহন লক্ষ্য করে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে।’’

জ্বালানি তেলের দাম সমন্বয় প্রসঙ্গে তিনি বলেন, এটি সরকারের নিয়মিত মাসিক প্রক্রিয়া। এদিন সন্ধ্যার মধ্যেই নতুন দামের বিষয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে।

এলএনজি সরবরাহ নিয়ে উদ্বেগের কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘‘এপ্রিল মাসে নির্ধারিত সব এলএনজি কার্গো সময়মতো পৌঁছাবে। মার্চ মাসে দেশে প্রায় ১ লাখ ৭৪ হাজার টনের বেশি এলএনজি আমদানি হয়েছে, যা চাহিদার তুলনায় বেশি।’’

জ্বালানি সংকট মোকাবিলায় অফিস সময় কমানো বা হোম অফিস চালুর বিষয়ে সরকার ভাবছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বিভিন্ন মহল থেকে প্রস্তাব পাওয়া যাচ্ছে এবং সেগুলো নথিভুক্ত করে পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’’

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়