ভারত বাধা টপকে শিরোপার লক্ষ্য বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
মালদ্বীপের রাজধানী মালেতে আজ শুক্রবার রাতে নির্ধারিত হচ্ছে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের নতুন চ্যাম্পিয়ন। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত ৯টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ফাইনাল।
গ্রুপ পর্বে দুই দলের লড়াই ছিল উত্তেজনাপূর্ণ। ১-১ গোলে শেষ হওয়া সেই ম্যাচে মাঠের পাশাপাশি ডাগআউটেও উত্তাপ ছড়িয়েছিল। দুই দলের কোচিং স্টাফের একজন করে লালকার্ড দেখেন। সেই উত্তেজনার রেশ নিয়েই এবার ফাইনালের মঞ্চে নামছে দুই দল।
টুর্নামেন্টজুড়ে গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবাসীদের ব্যাপক সমর্থনে নিজেদের ‘ঘরের মাঠে’ খেলার অনুভূতি পেয়েছে দল। ফাইনাল ঘিরেও মালেতে থাকা বাংলাদেশিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। টিকিট সংগ্রহে দীর্ঘ লাইন তারই প্রমাণ।
দলের অধিনায়ক মিঠু চৌধুরী জানিয়েছেন, সমর্থকদের উপস্থিতি খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছে। মাঠে ও মাঠের বাইরে সমর্থন পাওয়ায় দল আরও উদ্দীপ্ত হয়ে খেলতে প্রস্তুত। তাদের লক্ষ্য একটাই- শিরোপা জিতে দেশে ফেরা।
ফাইনালে ওঠার পথে বাংলাদেশ নেপালকে ১-০ গোলে হারিয়েছে। অন্যদিকে ভারত ভুটানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে জায়গা করে নিয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচে। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সই ইঙ্গিত দিচ্ছে, কঠিন এক লড়াই অপেক্ষা করছে।
বাংলাদেশ কোচ মার্ক কক্স কার্ড নিষেধাজ্ঞা কাটিয়ে আজ ডাগআউটে ফিরছেন। তিনি মনে করেন, প্রতিপক্ষ হিসেবে ভারত যথেষ্ট শক্তিশালী এবং তাদের বিপক্ষে জয় পেতে হলে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়ার পরিকল্পনা নেই- ৯০ মিনিটেই ফল নির্ধারণ করতে চায় দল।
ঢাকা/আমিনুল
অফিস ৯টা-৪টা, সন্ধ্যা ৬টার পর বন্ধ মার্কেট