ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাহুলের মৃত্যু: বেঁচে ফেরা শ্বেতাকে কতটা জানেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:৩৫, ৩ এপ্রিল ২০২৬
রাহুলের মৃত্যু: বেঁচে ফেরা শ্বেতাকে কতটা জানেন

ভারতীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার জলসা। এ টিভির নতুন সিরিয়াল ‘ভোলে বাবা পার করেগা’। সিরিয়ালটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছিল রাহুল ব্যানার্জিকে। রাহুল ও শ্বেতা চরিত্রের বিয়ে দিয়ে শুরু হয়েছিল সিরিয়ালটির গল্প। তারা দুজনে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। আর তারই আউটডোর শুটিং ছিল দীঘার নিকটবর্তী ওড়িশার তালসারিতে। শুটিংয়ে জলে ডুবে মারা যান রাহুল। 

জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জি কখন, কীভাবে মারা গেলেন তা নিয়ে নানা চর্চা চলছে। তবে এবিপি আনন্দ দাবি করেছে—সিরিয়ালের নায়িকা শ্বেতা মিশ্রাকে বাঁচাতে গিয়ে জলে ডুবে যান রাহুল। যদিও সংবাদমাধ্যমটির এ দাবি নিয়ে কিছুটা সংশয় থেকেই যায়। কারণ অভিনেত্রী শ্বেতা মিশ্রা বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি। তবে এ সংশয় কিছুটা দূর হয়েছে অভিনেত্রীর একটি ভিডিও ক্লিপ থেকে।    

 

ধারণা করা হয়, এ ভিডিওটি ঘটনার পরপর ধারণ করা; যা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, একটি জায়গায় ফ্লোরে বসে আছেন শ্বেতা। তাকে উদভ্রান্তের মতো লাগছে। বার বার উঠতে চাইছেন, কিন্তু পাশের সহকর্মীরা তাকে উঠতে দিচ্ছেন না। এ সময় শ্বেতা একজনকে উদ্দেশ্য করে বলেন, “আমরা একসঙ্গে শুটিং করছিলাম। আমরা সমুদ্রে শুটিং করছিলাম।” তখন ওই ব্যক্তি জানতে চান, ও (রাহুল) সমুদ্রে পড়ে গেল? জবাবে শ্বেতা বলেন, “আমিও পড়ে গিয়েছিলাম। আমি ঠিক আছি।”  

 

এসময় আরেকজনকে উদ্দেশ্য করে শ্বেতা বলেন, “এই তুমি একটু দেখো রাহুলদা ঠিক আছে কি না! রাহুলদা ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না বাবলুদা। তোমরা রাহুলদাকে ঠিক করে তোল আমি কথা বলব।” এ দুর্ঘটনার পর মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন শ্বেতা। ট্রমা কাটিয়ে উঠার চেষ্টা করছেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেত্রী।

 

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরে জন্মগ্রহণ করেন শ্বেতা মিশ্রা। তার স্কুল জীবনও শেষ করেন বহরমপুরে। তারপর স্কটিশ চার্চ থেকে স্নাতক পাস করে চাকরিতে যোগ দেন এই অভিনেত্রী। যদিও ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার কোনো পরিকল্পনাও ছিল না তার। তবে মঞ্চে অভিনয় করার সুবাদে টিভি সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান শ্বেতা। ‘জাহানারা’ সিরিয়ালের মাধ্যমে টিভি অভিনয়ে অভিষেক ঘটে তার। এটি কালার্স টিভিতে প্রচার হয়। তারপর একাধিক বিজ্ঞাপনে কাজ করেন এই অভিনেত্রী।

 

তারপর স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’ ধারাবাহিকে চড়ুই চরিত্রে অভিনয় করে দর্শকদের অগাধ ভালোবাসা লাভ করেন শ্বেতা। প্রথমে খলনায়িকার চরিত্রে অভিনয় করলেও শেষের দিকে তার চরিত্রটি পজেটিভ হয়ে যায়। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী মানালি দে, অভিনেতা ইন্দ্রাশিস রায়কে।

 

পরবর্তীতে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে ময়ূরী চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছ থেকে যেমন ভালোবাসা কুড়ান, তেমনই সমালোচিতও হন শ্বেতা। কারণ গল্পে মেঘ-নীলের সংসার ভাঙতে ময়ূরীর নোংরা ষড়যন্ত্র দেখে মাথা গরম হয়ে যায় দর্শকদের। ছোট পর্দা ছাড়াও শ্বেতা বড় পর্দায়ও পা রেখেছেন। জানা যায়, বিজ্ঞাপনে কাজের সূত্রেই বড় পর্দায় অভিনয়ের ডাক আসে তার। অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত ‘প্রেম-টেম’ সিনেমায় অভিনয় করেন শ্বেতা। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়