পাবনায় সাংবাদিকদের সঙ্গে এসপি-ডিসির মতবিনিময়
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাবনায় সাংবাদিকদের সঙ্গে নবাগত এসপি ও ডিসি মতবিনিময় করেন।
পাবনায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা, মাদক, অবৈধ বালু উত্তোলন, সন্ত্রাস, পরিবেশ দূষণ এবং সাংবাদিকদের পেশাগত নানা চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সোমবার (১৮ মে) রাতে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এ সভা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, ‘‘পাবনায় মাদক, অস্ত্র, কিশোর গ্যাং, বালু উত্তোলন এরকম কয়েকটি বিষয় প্রধান সমস্যা আছে। আমি আসার পর থেকে এগুলো নিয়ে কাজ করছি। আমি নির্ঘুম থেকে আপনাদের শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করব। তবে একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।’’
পুলিশ সুপার আরও বলেন, ‘‘জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যরা দিনরাত কাজ করছেন, যাতে সাধারণ মানুষ নিরাপদ ও স্বস্তিতে থাকতে পারেন। অস্ত্র, মাদক, বালু উত্তোলন, অবৈধ ইটভাটাসহ সমাজের অনিয়ম অসঙ্গতি বন্ধে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। আমি আমার অফিসারের বলেছি, মাদক আর বালুর টাকা কারো পেটে গেলে আমি বের করে আনব।’’
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, প্রশাসনের দায়িত্ব অনেক বিস্তৃত হওয়ায় সবসময় তাৎক্ষণিক সাড়া দেওয়া সম্ভব হয় না। তবে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা ও তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য।
পাবনার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে ডিসি বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে ভবিষ্যতে পাবনা উত্তরবঙ্গের প্রবেশদ্বারে পরিণত হতে পারে।
উন্মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকরা মাদক বিস্তার, অবৈধ বালু উত্তোলন, সন্ত্রাস, অস্ত্রের ঝনঝনানি, কিশোর গ্যাং, ফুটপাত দখল, প্লাস্টিক পোড়ানো, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং সাংবাদিকতার বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে মতামত তুলে ধরেন।
ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, হাবিবুর রহমান স্বপন, মির্জা আজাদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে পাবনার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/শাহীন/বকুল