জন্মদিনে খোলামেলা কথা বলবেন আলমগীর
টেলিভিশন অনুষ্ঠানের দৃশ্যে আলমগীর
বাংলাদেশের চলচ্চিত্রের প্রবাদপ্রতিম অভিনেতা আলমগীর। শুক্রবার (৩ এপ্রিল) বরেণ্য এই অভিনেতার ৭৭তম জন্মদিন। আশি ও নব্বই দশকে দাপুটে উপস্থিতির মধ্য দিয়ে দেশের সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন। বিশেষ করে নন্দিত নায়িকা শাবানার সঙ্গে তার জুটি মানেই ছিল সুপারহিট—সামাজিক গল্পনির্ভর চলচ্চিত্রে তাদের অভিনয় আজও দর্শকের হৃদয়ে দাগ কেটে আছে।
১৯৭৩ সালে আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করেন আলমগীর। এরপর আর পেছনে তাকাতে হয়নি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অর্জন করেছেন ফজলুল হক স্মৃতি পুরস্কারসহ ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৪ সালে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন এই গুণী শিল্পী।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও সংগীতেও নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন আলমগীর। জন্মদিন উপলক্ষে চ্যানেল আই-এর একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে ব্যক্তিগত জীবন, ব্যবসা এবং চলচ্চিত্র নিয়ে খোলামেলা কথা বলেন। অনন্যা রুমার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সামান্তা ইসলাম ও শাহাদাৎ।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
ঢাকা/রাহাত/শান্ত
অফিস ৯টা-৪টা, সন্ধ্যা ৬টার পর বন্ধ মার্কেট