গোবিপ্রবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে অংশ নেয় ৩ হাজার ১৫০ জন, অনুপস্থিত ছিল ৬৬৩ জন। উপস্থিতির হার ছিল ৮২.৬১ শতাংশ।
পরীক্ষার শুরুতে উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ নাজমুল আহসান অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং পরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপাচার্য বলেন, “কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যমকর্মী, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত সহযোগিতায় এ কাজ সম্ভব হয়েছে।
এদিকে, বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষা আগামী ১০ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষাও নেওয়া হবে।
চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১ হাজার ৫০৫টি। এর মধ্যে এ ইউনিটে ৭৫৫টি, বি ইউনিটে ৫০০টি এবং সি ইউনিটে ২৫০টি আসন নির্ধারিত রয়েছে।
ঢাকা/বাদল/জান্নাত
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের