ঢাকা     বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৭ ১৪৩৩ || ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি, কলেজছাত্র আটক

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ৩০ এপ্রিল ২০২৬  
এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি, কলেজছাত্র আটক

রংপুরে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নগরীর শালবন এলাকার মেস থেকে তাকে আটক করা হয়।

আটক শিক্ষার্থী আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা গ্রামে। শিশু আইনের বিধান অনুযায়ী তার নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

আরো পড়ুন:

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, একটি চক্র অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার অনুসন্ধানে রংপুর নগরীতে এই প্রতারকের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শালবন এলাকার আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি মেসে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে ডিজিটাল ডিভাইসসহ আটক করা হয়।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী স্বীকার করেছে, সে অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো। তার স্মার্টফোনে এ সংক্রান্ত ডিজিটাল প্রমাণ এবং বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

সনাতন চক্রবর্তী আরো জানান, অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পরীক্ষার পবিত্রতা নষ্টের চেষ্টার অভিযোগে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত কি-না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

ঢাকা/আমিরুল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়