রাঙামাটিতে ভারত থেকে আসা কোটি টাকার পপি বীজ উদ্ধার
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাঙামাটির বরকল উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ পপি বীজ (পোস্তদানা) উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে পপি বীজ উদ্ধার করে।
বিজিবি জানায়, কর্ণফুলী নদীর বীরপ্রতীক আয়েজ উদ্দিন গেইটের সামনে ছোটহরিণা থেকে রাঙামাটিগামী দুটি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করা হয়। তল্লাশির সময় নৌকাগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। পরে সেখান থেকে মোট তিন হাজার কেজি পপি বীজ জব্দ করা হয়। উদ্ধারকৃত পপি বীজের আনুমানিক বাজারমূল্য এক কোটি পাঁচ লাখ টাকা বলে জানানো হয়েছে। এসব বীজ ভারত থেকে আনা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পপি বীজ চট্টগ্রাম কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং পরবর্তীতে তা ধ্বংস করা হবে।
বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সম্রাট তানভীর রহমান সাগর বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/শংকর//
প্রজ্ঞাপন জারি, রবিবার থেকে অফিস ৯টা-৪টা