সন্তানের গলায় ছুরি ধরে শিক্ষকের টাকা ছিনতাই
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অহী আলম রেজা
সিলেট নগরীতে শিশু সন্তানের গলায় ছুরি ধরে এক কলেজ শিক্ষকের টাকা ছিনতাই করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এ ছিনতাই হয়। ভুক্তভোগী অহী আলম রেজা সিলেটের বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক।
এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
ভুক্তভোগী শিক্ষক জানিয়েছেন, দুপুরে তিনি তার তিন বছর বয়সী ছেলেকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। আম্বরখানা পয়েন্ট থেকে শাহী ঈদগাহ এলাকার উদ্দেশে যাচ্ছিল তাদেরকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা। এ সময় অটোরিকশায় চালকের পাশে একজন এবং পেছনে একজন যাত্রী ছিলেন।
অহী আলম রেজা জানান, তিনি ও তার ছেলে পেছনের সিটে ওঠার পর আরো দুই যাত্রী অটোরিকশায় ওঠেন। অটোরিকশা কিছু দূর যাওয়ার পর আরোহীদের একজন কথা বলতে নিষেধ করে এবং পকেট থেকে ছুরি বের করে তার শিশু সন্তানের গলায় ধরে। এর পর তার কাছে থাকা ২২ হাজার টাকা নিয়ে নেয় ছিনতাইকারীরা। তবে, তার মুঠোফোনটি নেয়নি তারা। পরে শাহী ঈদগাহ এলাকায় ওই শিক্ষক ও তার সন্তানকে নামিয়ে দেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মঞ্জুরুল আলম বলেছেন, “ছিনতাইয়ের বিষয়ে জানার পর আম্বরখানা ফাঁড়ির একজন উপ-পরিদর্শক ভুক্তভোগীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রাহাত/রফিক
প্রজ্ঞাপন জারি, রবিবার থেকে অফিস ৯টা-৪টা