ধরা পড়ল ২২ কেজির কোরাল, বিক্রি হলো ৩০ হাজার টাকায়
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বঙ্গোপসাগরে ধরা পড়া ২২ কেজি ওজনের কোরাল মাছ।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফারুক মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ। চলতি বছর এ উপকূলে জেলেদের জালে ধরা পড়া কোরালের মধ্যে এটির ওজন সবেচেয়ে বেশি বলে জানান মৎস্য সংশ্লিষ্টরা।
বুধবার (১ এপ্রিল) সকাল ৯টায় মাছটি কুয়াকাটার মাছ বাজারের খান ফিস আড়তে আনা হয়। এ সময় নিলামের মাধ্যমে মাছটি ফেরদৌস ফিসের মালিক ৩০ হাজার ৬৪৫ টাকায় কিনে নেন। মাছটি দেখতে সেখানে ভিড় করেন উৎসুক জনতা।
মঙ্গলবার মধ্যরাতে সুন্দরবন সংলগ্ন সমুদ্রের ৭ নম্বর এলাকায় ফারুক মাঝির জালে মাছটি ধরা পড়ে।
ফারুক মাঝি বলেন, “সুন্দরবনের ৭ নম্বর এলাকায় জাল ফেলি। এ সময় অন্যান্য মাছের সঙ্গে ২২ কেজি ৭৪০ গ্রাম ওজনের কোরালটি ধরা পড়ে। মাছটি বাজারে নিলামের মাধ্যমে ৩০ হাজার ৬৪৫ টাকায় বিক্রি করেছি। দাম ভালোই পেয়েছি। এর আগে, এতো বড় মাছ আমার জালে ধরা পড়েনি। মাছটি পেয়ে আমি অনেক আনন্দিত।”
মাছটির ক্রেতা মোস্তাফিজ বলেন, “কোরালটি আমরা সামান্য লাভে এ বাজারেই বিক্রির চেষ্টা করব। যদি দাম না পাই, তাহলে অন্য এলাকা বা উত্তরাঞ্চলে পাঠানো হবে।”
খান ফিসের পরিচালক জাহাঙ্গীর খান বলেন, “এ বাজারে চলতি বছর যতগুলো কোরাল এসেছে সবগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। এমন বড় সাইজের মাছের চাহিদা অনেক বেশি। মাছটি অনেক ভালো দামে বিক্রি হযেছে। দুইদিন আগেও ফারুক মাঝি অনেক মাছ পেয়েছিল।”
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটি উপকূলের জেলেদের জন্য অত্যন্ত সুখবর। এমন সাইজের বড় কোরাল মাছ এর আগেও কয়েকটি ধরা পড়েছে। আমরা আশা করছি, গভীর সাগরে জাল ফেললে জেলেরা আরো বড় সাইজের প্রচুর পরিমাণে মাছ পাবেন।”
ঢাকা/ইমরান/মাসুদ
আরব আমিরাতে স্প্লিন্টারের আঘাতে বাংলাদেশি নিহত