ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে মাদক কারবারিসহ ৩ জনের কারাদণ্ড

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১ এপ্রিল ২০২৬  
পটুয়াখালীতে মাদক কারবারিসহ ৩ জনের কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার সদস্যদের যৌথ অভিযান) চালিয়ে দুই মাদক কারবারি ও এক সেবনকারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যরাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন:

সাজাপ্রাপ্তরা হলেন- শাহীন (৩২), বাচ্চু (৪৬) ও বশার (৪০)। এসময় তাদের কাছ থেকে চার পিস ইয়াবা ও চার পুড়িয়া গাঁজা জব্দ হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসয় মাদক কারবারি শাহীন (৩২) ও বাচ্চুকে (৪৬) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক সেবনকারী বশারকে (৪০) তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি। পরে জব্দকৃত মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন, ‍“কয়েকদিন আগে এক যুবক জেলা প্রশাসনের প্রধান ফটকে প্ল্যাকার্ড হাতে মাদকের ভয়ানক প্রসারের প্রতিবাদ  জানানোর পাশাপাশি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়েছে। গভীর রাত থেকে অভিযান চালিয়ে মাদক কারবারিদের আমরা গ্রেপ্তার করি। আমরা পৌঁছানোর আগেই আরো দুই মাদক করবারি পালিয়ে যায়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়