ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বামী হারিয়েও ‘নিস্তার’ পেলেন না প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ৩১ মার্চ ২০২৬   আপডেট: ১১:৩৯, ৩১ মার্চ ২০২৬
স্বামী হারিয়েও ‘নিস্তার’ পেলেন না প্রিয়াঙ্কা

রাহুলের শেষ বিদায়ে ছেলের সঙ্গে প্রিয়াঙ্কা (বাঁয়ে)

মাত্র ১৯ বছর বয়সে ভালোবেসে রাহুল ব্যানার্জির জীবনসঙ্গী হয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তারপর অভিনয় ছেড়ে সংসারে মন দেন; পুত্র সহজের মা হন। দাম্পত্য জীবনে নানারকম চড়াই-উতরাই পার করেছেন তারা। 

কাগজে-কলমে বিচ্ছেদ না হলেও দীর্ঘ সময় আলাদা থেকেছেন রাহুল-প্রিয়াঙ্কা। তবে সবকিছু ভুলে পুত্রের জন্য জোড়া লাগে এ জুটির সংসার। কিন্তু নিয়তির কাছে হেরে গেলেন, ৩৫ বছর বয়সে বিধবা হলেন প্রিয়াঙ্কা। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারালেন সহজ; যা তার জন্য মোটেও সহজ নয়। 

আরো পড়ুন:

রাহুলের মৃত্যুর কয়েকঘণ্টায় পুত্র সহজের জীবন কঠিন হয়ে গিয়েছে। বাবাকে হারানোর শোকে শূন্য সে। অনবরত কেঁদেই চলেছেন রাহুলের মা। কথা বলার মতো পরিস্থিতি নেই তার। এমন সময় স্বামী হারানোর শোক বুকে চেপে নিজের সন্তানকে আগলাতে ব্যস্ত প্রিয়াঙ্কা।

গতকাল কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়। রাহুলের মুখাগ্নি করে তার শিশুপুত্র সহজ। শ্মশানে ছেলের হাত শক্ত করে ধরেছিলেন প্রিয়াঙ্কা; যাতে বাবার চিতায় অগ্নি সংযোগের সময় সহজের কাঁপা হাতটা একটু শক্তি পায়। স্বামীর মৃত্যুতে প্রিয়াঙ্কাকে হাউহাউ করে কাঁদতে দেখা যায়নি। আর এ নিয়ে সমালোচনার শিকার রাহুলের সদ্যবিধবা স্ত্রী প্রিয়াঙ্কা।

নেটিজেনদের অনেকের প্রশ্ন, প্রিয়াঙ্কার চোখে কেন জল নেই? কেন তার চুল এতটা পরিপাটি করে আঁচড়ানো? সাদা পোশাক পরার কথা কীভাবে স্মরণে থাকল তার, এসব নিয়ে নেটিজেনদের একাংশের কুরুচিকর মন্তব্যের শিকার হন প্রিয়াঙ্কা। কেউ কেউ অতীতের বিচ্ছেদ টেনে প্রিয়াঙ্কাকে আক্রমণ করেছেন।

প্রিয়াঙ্কাকে এ ধরনের অযাচিত আক্রমণে গর্জে উঠেছেন তার ভক্ত-অনুরাগী এবং শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন। ভক্তরা জানিয়েছেন যে, সাময়িক বিচ্ছেদ হলেও রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। এই কঠিন সময়ে একজন মা, একজন মানুষের ব্যক্তিগত শোককে নিয়ে কাটাছেঁড়া করা চূড়ান্ত অমানবিক।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়