ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নড়াইলে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ৩১ মার্চ ২০২৬  
নড়াইলে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

জব্দ করা ডিজেল।

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় সময় এবং রাতে উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়।

আরো পড়ুন:

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম সন্ধ্যা ৬টার দিকে বারইপাড়া ফেরিঘাট এলাকার একটি দোকানে অভিযান চালান। এ সময় মাউলী গ্রামের ছাত্তার শেখের ছেলে পিন্টু শেখের কাছ থেকে ৯টি ব্যারেলে ১৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

রাত সাড়ে ৭টার দিকে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় অভিযান চালান। এ সময় একটি তেলবাহী ট্রাক আটক করা হয়। যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল শেখের কাছ থেকে ২৮ ব্যারেলে ৫৬০০ লিটার ডিজেল জব্দ হয়। এ ঘটনায় তাকেও একই আইনের আওতায় এনে ৬ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কালিয়া উপজেলার ইউএনও জিন্নাতুল ইসলাম বলেন,“অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরনের কর্মকাণ্ডে  জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জব্দ করা ৭৪০০ লিটার ডিজেল মেসার্স কালিয়া ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।”

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়