ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অনলাইনেও ক্লাস নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৩১ মার্চ ২০২৬  
অনলাইনেও ক্লাস নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইন সমন্বিত পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, “সাম্প্রতিক সময়ে রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন এবং নানা কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বিঘ্নিত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে কিছু ক্লাস অনলাইনে নেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।”

তিনি জানান, একটি জরিপে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি অনলাইন শিক্ষা চালু হলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এই আশঙ্কাও বিবেচনায় রাখা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।”

প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ পদ্ধতি চালুর ওপর জোর দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা প্রযোজ্য হতে পারে কি না, সে বিষয়েও আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থা রাখা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

এছাড়া, মহানগর এলাকায় ট্রাফিক জট ও জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রোরেল ও সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার বিষয়ও বিবেচনায় রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়