ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিটি সুগার ইন্ডাস্ট্রিজের ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৩১ মার্চ ২০২৬  
সিটি সুগার ইন্ডাস্ট্রিজের ১৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ হাজার ৩০০ কোটি টাকার কর্পোরেট বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৩০ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদে সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৬তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত বন্ডটি ১০০ শতাংশ সিকিউরড (মর্টগেজ-ব্যাকড), নন-কনভার্টেবল, ফুললি রিডিমেবল এবং জিরো-কুপন বৈশিষ্ট্যের। বন্ডটির মেয়াদ হবে ৩ বছর এবং এর ডিসকাউন্ট রেট ১৩.৫০ শতাংশ। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যুর অনুমোদন পাওয়া এই বন্ডের সম্ভাব্য বিনিয়োগকারী হতে পারে কর্পোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি (এইচএনআই), স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা কোম্পানি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ টাকা। কোম্পানিটি এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান ঋণ পরিশোধে ব্যবহার করবে বলে জানা গেছে। এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক পিএলসি।

বন্ডটি শেয়ারবাজারে লেনদেনের জন্য অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হওয়ার শর্ত দিয়ে অনুমোদন করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়