ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ১ এপ্রিল ২০২৬   আপডেট: ১১:৪১, ১ এপ্রিল ২০২৬
যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

হাসপাতালে চিকিৎসাধীন কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল।

কিশোরগঞ্জ চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। আহত যুবদল নেতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। 

আরো পড়ুন:

আহত যুবদল নেতার নাম বাবুল। তিনি সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। অভিযুক্ত বিএনপি নেতার নাম শহীদুল ইসলাম শহীদ। তিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

 

এদিকে, মঙ্গলবার রাতেই ভুক্তভোগীর বাবা মো. হাদিস মিয়া বাদী হয়ে বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি করেছেন।

আহত যুবদল নেতা বাবুল বলেন, “উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদের নির্দেশে তার লোকজন রেস্টুরেন্ট থেকে ফিল্মি কায়দায় আমাকে তুলে নিয়ে যায়। এরপর একটি নির্জন স্থানে নিয়ে আমাকে মারধর করে তারা। এতে আমার একটি হাত ও পা ভেঙে গেছে।”

তিনি বলেন, “আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে একটি চক্র রয়েছে, তারা সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে। কিছুদিন আগে তারা আমার দোকান থেকে ৬ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি তা দিতে অস্বীকৃতি জানাই। পরে বিষয়টি থানায় অবহিত করি। আমি ধারণা করছি, ওই ঘটনার জেরেই আমার ওপর হামলা চালানো হয়েছে।”

অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ। তিনি জানান, তার সঙ্গে বাবুলের কোনো বিরোধ নেই এবং তিনি চাঁদাবাজির সঙ্গেও জড়িত নন।

তিনি দাবি করেন, অনেকেই তাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করছে। এ ঘটনাটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, “এটা তাদের ব্যক্তিগত বিষয়। এটা রাজনৈতিক কোনো ঘটনা নয়। তারপরও থানায় দায়িত্বরত কর্মকর্তাকে সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা চাই, কেও যেন কোনভাবেই আইন নিজের হাতে তুলে না নেয়। সে যেই হোক প্রকৃত তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা উচিত।”

অভিযোগের বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভুঁইয়া জানান, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা চলমান।

ঢাকা/রুমন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়