রিকশা চুরির অভিযোগে মারধর, বাথরুমে মিলল মরদেহ
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জ শহরের একটি বাড়ির বাথরুম থেকে বুধবার রাতে আলামীন শেখ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোপালগঞ্জে ব্যাটারিচালিত রিকশা চুরির দায়ে আলামীন শেখ (৩০) নামে এক যুবককে মারধরে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাতে শহরের মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের একটি বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের রুমের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া আলামীন সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত ফায়েক শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন আলামীন। দুইদিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হয়। এ ঘটনায় আলামীনকে সন্দেহ করা হয়।
বুধবার তাকে ওই বাসায় আটকে রেখে মারধর করার অভিযোগ ওঠে। আলামীনের মা এসে ঘরের দরজা বন্ধ পান। ডাকাডাকি করলে অভিযুক্ত কামরুলের ছেলে দরজা খুলে দেন। ভেতরে প্রবেশ করে বাথরুমের মধ্যে ছেলেকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানা, মরদেহ ময়নাতদন্তের জন্য গো্পালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গলায় আঘাতে চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে। ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুর পলাতক।
ঢাকা/বাদল/মাসুদ