ঢাকা     বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩ || ৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘এ তরকারি কি আপনারা বাসায় খেতেন’, হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ২১ মে ২০২৬   আপডেট: ০৮:৫৬, ২১ মে ২০২৬
‘এ তরকারি কি আপনারা বাসায় খেতেন’, হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালের রান্নাঘর পরিদর্শনে গিয়ে রোগীদের জন্য রান্না করা কুমড়োর তরকারি মুখে দিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দেন স্বাস্থ্যমন্ত্রী

খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের জন্য রান্না করা নিম্নমানের খাবার দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় রান্নাঘরে গিয়ে কুমড়োর তরকারি মুখে দিয়েই তা ফেলে দেন তিনি। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, “এ তরকারি কি আপনারা বাসায় খেতেন?” 

বুধবার (২০ মে) আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ হন তিনি।

আরো পড়ুন:

হাসপাতালে রোগীদের রেবিস ভ্যাকসিন (কুকুরে কামড়ানোর প্রতিষেধক) বাইরে থেকে টাকা দিয়ে কিনতে হচ্ছে এমন অভিযোগ পেয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। অনিয়ম দেখে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকেও ধমক দেন।

হাসপাতাল পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক হুরে জান্নাত।

পরিদর্শনের সময় মন্ত্রী রেবিস ভ্যাকসিন কর্নারে গেলে ভুক্তভোগীরা তাকে ঘিরে ধরেন। তারা অভিযোগ করেন, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। বিষয়টি জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, “সরবরাহ না থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।”

এ সময় ঘটনাস্থল থেকেই ঢাকায় যোগাযোগ করে স্বাস্থ্যমন্ত্রী জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ধরনের যোগাযোগ করেনি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সাংবাদিকদের।

পরে হাসপাতালের রান্নাঘর পরিদর্শনে গিয়ে রোগীদের জন্য রান্না করা কুমড়োর তরকারি মুখে দিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দেন স্বাস্থ্যমন্ত্রী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?” এরপর হাসপাতাল সুপারকে রোগীদের জন্য ভালো মানের খাবার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এরপর স্বাস্থ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার পরিদর্শন করেন।

এর আগে বুধবার সকাল ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ও ওটি রুমে আগুন লাগে। আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন রোগী ও স্বজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা/নুরুজ্জামান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়