ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২০ মে ২০২৬  
বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মন্ত্রী।

দেশের হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আগামী বাজেটে স্বাস্থ্যখাতে ১ শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বাজেট পাস হলে দেশের হাসপাতাল ধাপে ধাপে প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে সমৃদ্ধ করা হবে। 

বুধবার (২০ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে তেমন কিছু কেনা হয়নি শুধু লুটপাট হয়েছে। ফ্যাসিস্ট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারও এ খাতে নজর দেয়নি। আমরা ইনশাআল্লাহ বাজেট বৃদ্ধি করছি। বাজেট পাস হলে আগামী অর্থবছরে হাসপাতালে যতটুকু সম্ভব আধুনিক মেশিন ও সরঞ্জাম সরবরাহ করা হবে।’’ 

তিনি আরো জানান, আগামী পাঁচ মাসের মধ্যে খুলনাসহ দেশের পাঁচ বিভাগীয় শহরে নির্মাণাধীন অত্যাধুনিক পাঁচটি শিশু হাসপাতাল চালু করা হবে। এতে শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। হাসপাতালের নিরাপত্তা জোরদারে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। 

তিনি বলেন, ঈদের পর দেশের প্রতিটি উপজেলায় একজন প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি হাসপাতাল ইউনিটে আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে। পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। 

তিনি বলেন, হাসপাতালের শৌচাগার ব্যবহারের অনুপযোগী। পুরো হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়মিত তদারকি করা হবে। এ সময় হাসপাতালের নানা অনিয়ম ও রোগীদের দুর্ভোগ দেখে মন্ত্রী আরো কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন।

জনবল সংকট নিরসনে ঈদের পর এক লাখ জনবল নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন নিয়োগে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ থাকবেন। এছাড়া বিশেষ বিসিএসের মাধ্যমে আরো চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়