ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১৯ দিন পর ভারত থেকে ফিরল নিখোঁজ জেলের মরদেহ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ২০ মে ২০২৬  
১৯ দিন পর ভারত থেকে ফিরল নিখোঁজ জেলের মরদেহ

দিনাজপুরের বিরল উপজেলার পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে ইসমাইল হকের (৬৫) মরদেহ ১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরেছে।

বুধবার (২০ মে) দুপুরে হিলি চেকপোস্ট সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ ও বিএসএফ আনুষ্ঠানিকভাবে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে।

আরো পড়ুন:

নিহত ইসমাইল হক জেলার বিরলে ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর মাস্টারপাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের এএসআই আব্দুল তালেব  এসব তথ্য নিশ্চিত করেছেন।

পারিবার জানায়, গত ৩০ এপ্রিল বিকেলে কামদেবপুর চান্দামারী পুরানঘাট এলাকায় পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান ইসমাইল হক। এরপর তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। নিখোঁজের চারদিন পর গত ৩ মে ভারতের গঙ্গারামপুর থানার যাদববাটি বাটুলপাড়া নদীর ঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্রে প্রকাশিত মরদেহের ছবি দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত হন, সেটি নিখোঁজ ইসমাইল হকের মরদেহ।

মরদেহ শনাক্ত হওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তবে কাগজপত্র ও প্রশাসনিক জটিলতায় দীর্ঘ ১৯ দিন অপেক্ষা করতে হয় পরিবারকে।

নিহতের বড় ছেলে হায়দার আলী বলেন, “প্রতিদিন বাবার মরদেহ ফেরত পাওয়ার আশায় অপেক্ষা করেছি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বাবাকে দেশে আনতে পেরেছি। এখন অন্তত তাকে নিজের মাটিতে দাফন করতে পারব।”

ঢাকা/মোসলেম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়