বগুড়ায় গণপিটুনিতে প্রাণ গেল তরুণের
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বগুড়ার শেরপুরে গণপিটুনিতে ফজলে রাব্বি মন্ডল (২৫) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩৪) নামে একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজলে রাব্বি ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের বুলু মন্ডলের ছেলে। পেশায় তিনি একজন ইলেক্ট্রিশিয়ান ছিলেন। আহত জাহাঙ্গীর আলম একই উপজেলার বড়বিলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ধুনট থেকে চারজনের একটি দল শেরপুর উপজেলার ব্র্যাক বটতলা মেলায় ঘুরতে আসেন। মেলা দেখা শেষে রাত সাড়ে ১২টার দিকে তারা কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করার উদ্দেশে যান বলে অভিযোগ।
ট্রান্সফরমার নামানোর সময় গ্রামবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। এ সময় জাহাঙ্গীর মন্ডলকে চন্ডেশ্বর গ্রামেই ধরে ফেলে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। অন্যদিকে, পালানোর সময় পার্শ্ববর্তী আকরামপুর গ্রাম থেকে ফজলে রাব্বি মন্ডলকে আটক করে গ্রামবাসী। সেখানে তাকে গণপিটুনি দেওয়া হয়। তবে তাদের সঙ্গে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতাবস্থায় ফজলে রাব্বি ও জাহাঙ্গীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফজলে রাব্বি মন্ডলকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত জাহাঙ্গীর মন্ডল জানান, তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাড়িতে আসার পর তাকে মেলা দেখার কথা বলে শেরপুরে নিয়ে আসা হয়। এরপর সহযোগীরা তাকে ট্রান্সফরমার চুরির কথা বলে ওই গ্রামে নিয়ে যান। চুরির সময় গ্রামবাসী টের পেয়ে ধাওয়া করলে এই ঘটনা ঘটে।
শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, “ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে এবং একজন আহতাবস্থায় চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।”
ঢাকা/এনাম/রাজীব
হাম ও হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু