ঢাবি হলে আইইএলটিএস ও আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কর্মশালা
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিদেশে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের প্রস্তুতিতে শিক্ষার্থীদের সহায়তা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে আইইএলটিএস বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অংশ নিয়ে শিক্ষার্থীরা আইইএলটিএস প্রস্তুতি, ভালো স্কোর অর্জনের কৌশল এবং বিদেশে পড়াশোনার সুযোগ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
বুধবার (২০ মে) হল সংসদের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় অভিজ্ঞ প্রশিক্ষকরা আইইএলটিএস পরীক্ষার বিভিন্ন অংশ, প্রস্তুতির কার্যকর কৌশল, উচ্চ স্কোর অর্জনের উপায় এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অংশগ্রহণকারীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পান এবং তাদের বিভিন্ন জিজ্ঞাসার বাস্তবসম্মত উত্তর লাভ করেন।
অনুষ্ঠানে কবি সুফিয়া কামাল হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণ কর্মশালাকে আরো প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।
কবি সুফিয়া কামাল হল সংসদের সহ-সভাপতি সানজানা চৌধুরী রাত্রি বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক সুযোগ সম্পর্কে সচেতন করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
হল সংসদের সাধারণ সম্পাদক রুকু খাতুন বলেন, “একাডেমিক পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়ক এমন উদ্যোগ শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।”
সহকারী সাধারণ সম্পাদক শিমু আক্তার বলেন, “শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সহায়তা করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
এ আয়োজনের সহযোগিতায় ছিল IELTS Edulytics এবং Career Empowerment Forum। এছাড়া, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে Nescafé বিনামূল্যে কফি বিতরণ করে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্রও প্রদান করা হয়।
ঢাকা/সৌরভ/জান্নাত
হাম ও হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু