দাঁড়িয়ে থাকা ট্রাকে মিলল চালকের মরদেহ
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে আব্দুর রহমান নামে এক চালকের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, এই ব্যক্তির মৃত্যু দুই থেকে তিনদিন আগে হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে উপজেলার খালকোলা গ্রামের মাঠের রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকটি থেকে তার মরদেহ উদ্ধার হয়।
মারা যাওয়া আব্দুর রহমান মাগুরা জেলার আড়পাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, খালকোলা গ্রামের মাঠের রাস্তার পাশে রাখা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেন এলাকাবাসী। পুলিশ এসে ট্রাকের কেবিন থেকে আব্দুর রহমান নামে ওই চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, “স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পেরেছি, গত তিনদিন ধরে ওই স্থানে ট্রাকটি দাঁড় করানো ছিল। ধারণা করা হচ্ছে, এ সময়ের মধ্যে মৃত্যুর ঘটনাটি ঘটেছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ