চাঁদপুরে অন্তঃসত্ত্বা নারীর ওপর হামলা, থানায় অভিযোগ
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
চাঁদপুর পৌর শহরের বাবুরহাটে রুনিয়া বেগম (২৬) নামে এক অন্তঃসত্ত্বা নারীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী রুনিয়া বেগম বলেন, “আমার স্বামী প্রবাসী। আমি ৯ মাসের অন্তঃসত্ত্বা। আমার স্বামীর পরিবারের জমি নিয়ে আদালতে মামলা চলমান। আইনি লড়াইয়ে হেরে যাওয়ার ভয়ে প্রতিপক্ষরা নানা অজুহাতে আমার শ্বশুড় ও শাশুড়ির ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালাচ্ছে।”
তিনি বলেন, “মঙ্গলবার আমার শ্বশুরকে মারধর করছে দেখে আমি এগিয়ে যাই। এ সময় হামলাকারীরা আমাকেও মারধর করে এবং শরীরিকভাবে লাঞ্ছিত করে। এলাকার লোকজন আমাকে এসে উদ্ধার করে। আমি ও আমার শ্বশুর বাড়ির লোকজন আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।”
রুনিয়ার শ্বশুর আব্বাস মাল বলেন, “আমার দখলি জমিতে আমার স্ত্রী নানা জাতের গাছ লাগিয়েছেন। আজ সেই গাছগুলো আমাদের প্রতিপক্ষরা এসে কেটে ফেলে। আমার স্ত্রী কেনো গাছ কেটেছে তা জিজ্ঞাস করতেই ওরা তাকে মারধর শুরু করে। আমি এগিয়ে গেলে আমাকেও গালমন্দ করে মারধর করা হয়। এমনকি আমার ছেলের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও মারধর করে তাকে আহত করেছে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।”
তিনি বলেন, “চাঁদপুর জেলা আদালতে জমি সংক্রান্ত একটি মামলা চলমান। সেই মামলায় আদালত রায় দেন আমাদের উভয় পক্ষকে শান্তি বজায় রাখার জন্য। কিন্তু প্রতিপক্ষরা আদালতের সে রায় অমান্য করে জমিতে বালি ফেলা শুরু করে এবং গাছ কেটে বাড়ি নির্মাণ কাজ শুরু করেছে। আমরা দুর্বল অসহায় হওয়ায় আইনের দারস্ত হয়েছি।”
থানায় দেওয়া লিখিত অভিযোগপত্র অনুযায়ী হামলাকারীরা হলেন- কাদির মাল (৫০), শাহ আলম (৩০), শাহাদাৎ মাল (২৮), জাবেদ মাল (৩৭)।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন। আমরা ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠাই। উত্তপ্ত পরিস্থিতি এড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে।”
ঢাকা/অমরেশ/মাসুদ