ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আইপিএল-পিএসএল নিয়ে ব‌্যস্ত নিউ জিল‌্যান্ডের মূল ক্রিকেটাররা, কারা আসছেন বাংলাদেশে?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ১ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:১১, ১ এপ্রিল ২০২৬
আইপিএল-পিএসএল নিয়ে ব‌্যস্ত নিউ জিল‌্যান্ডের মূল ক্রিকেটাররা, কারা আসছেন বাংলাদেশে?

অনেক আগে এশিয়ার বাইরের দলগুলো বেশিরভাগ সময়ই বাংলাদেশ সফরে একাধিক তরুণ, প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে আসত। তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে বাংলাদেশে এনে তাদের বাজিয়ে দেখত দলগুলো। এশিয়ার তিন দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাও কম-বেশি করতো।

তবে বাংলাদেশ যখন দিনকে দিন আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে শুরু করলো তখন এই পরীক্ষা-নিরীক্ষাগুলো কমে যেতে শুরু করে। তবে এখন ‘উটকো ঝামেলা’ ফ্র‌্যাঞ্চাইজি লিগ। সারাবছরই ফ্র‌্যাঞ্চাইজি লিগের জোয়ার থাকে। তারকা ক্রিকেটাররা বেছে বেছে সেগুলোতে অংশ নেন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এড়ানো মুশকিল তাদের জন‌্য। পাকিস্তান সুপার লিগও সেই মান ধরার অপেক্ষায়।

১৩ এপ্রিল বাংলাদেশে আসছে নিউ জিল‌্যান্ড। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। অথচ নিউ জিল‌্যান্ড জাতীয় দলের মূল ক্রিকেটাররা প্রায় সবাই আইপিএল ও সিপিএল নিয়ে ব‌্যস্ত। অধিনায়ক মিচেল স্যান্টনার ব্যস্ত থাকবেন আইপিএলে। থাকবেন না গ্লেন ফিলিপস। ডেভন কনওয়ে, ফিন অ‌্যালেন রয়েছেন আইপিএলে। ব্রেসওয়েল আছেন পিএসএলে। লোকি ফার্গুসন, রাচীন রাভিন্দ্র, ডার্ল মিচেল ও ম‌্যাট হেনরি রয়েছেন আইপিএলে। জিমি নিশাম গেছেন পিএসএলে।

ফলে দ্বিতীয় বা তৃতীয় সারির দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে নিউ জিল্যান্ড। সাদা বলের দুই সংস্করণেই এই সফরে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। বাংলাদেশ সফরের জন‌্য স্কোয়াড ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট।

এই দলের মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, নিক কেলি, ডিন ফক্সক্রফট, জেডেন লেনক্স, ক্রিস্টিয়ান ক্লার্ক ও জশ ক্লার্কসন গত বছর বাংলাদেশ সফর করে গেছেন নিউ জিল্যান্ড 'এ' দলের হয়ে। চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন ‍তিন পেসার ম্যাট ফিশার, উইল ও’রুর্ক ও ব্লেয়ার টিকনার। দ্বিতীয়বার নিউ জিল্যান্ডের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক ও জেইডেন লেনক্স। প্রায় দুই বছর পর সাদা বলের ক্রিকেটে ডাক পেয়েছেন অফ স্পিন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট।

নিউ জিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘‘উইল, ব্লেয়ার এবং ম্যাট গত কয়েক মাস ধরে মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছে। আধুনিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে আমাদের বোলিং শক্তির গভীরতা থাকাটা জরুরি। তাদের মতো মানসম্পন্ন খেলোয়াড়দের ফিরে পাওয়া দলের জন্য দারুণ খবর।’’

নিউ জিল্যান্ড ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোক, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভিন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

ঢাকায় প্রথম দুইটি ওয়ানডে হবে ১৭ ও ২০ এপ্রিল। দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম‌্যাচগুলো শুরু হবে। ২১ এপ্রিল দুই দল চট্টগ্রামে উড়াল দেবে। একদিনের প্রস্তুতি শেষে ২৩ এপ্রিল হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ম‌্যাচটি হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

২৭ এপ্রিল শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৯ এপ্রিল দ্বিতীয় ম‌্যাচ একই ভেন্যুতে। দ্বিপক্ষীয় সাদা বলের সিরিজের শেষ ম‌্যাচটি হবে ঢাকায়। ২ মে দুপুর ২টায় শুরু হবে শেষ টি-টোয়েন্টি ম‌্যাচ।

২০২৩ সালে নিউ জিল্যান্ড সবশেষ বাংলাদেশ সফর করেছিল। সেবার দুই টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে খেলেছিল। এর আগে ২০২১ সালে তারা এসেছিল পাঁচ টি-টোয়েন্টি খেলতে। সর্বপ্রথম তারা বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছিল ২০০৪ সালে। সব মিলিয়ে নিউ জিল‌্যান্ড ক্রিকেট দলের এটি সপ্তম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফর হবে।

ঢাকা/ইয়াসিন 

সর্বশেষ

পাঠকপ্রিয়