বিজয়ের মোট সম্পদ: বাবা-মা, স্ত্রী-সন্তানদেরও ঋণ দিয়েছেন বিজয়
সিনেমাকে বিদায় জানিয়ে রাজনীতির ময়দানে নেমেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। অভিনয় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ‘তামিলাগা ভেটরি কাজাগম’ নামে রাজনৈতিক দল গঠন করেছেন এই নায়ক। আগামী মাসে অনুষ্ঠিত হবে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন।
তামিলনাড়ুর পেরাম্বুর ও পূর্ব ত্রিচি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন থালাপাতি বিজয়। সম্প্রতি তার দল তামিলাগা ভেটরি কাজাগম প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে। আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে এক দফায় ভোটগ্রহণ হবে। ভোটের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিজয় তার সম্পদের হিসাবও দিয়েছেন।
বিজয় তার সরকারি হলফনামায় নিজের সম্পদ, বিনিয়োগ, স্থাবর-অস্থাবর সম্পত্তি, পরিবারের সদস্যদের আর্থিক বিবরণ তুলে ধরেছেন। সম্পদের তালিকায় তার স্ত্রী সংগীতা, ছেলে জেসন সঞ্জয়, মেয়ে দিব্য সাশার সম্পদের পরিমাণও উল্লেখ রয়েছে।
থালাপতি বিজয়ের সম্পদের পরিমাণ কত?
হলফনামা অনুযায়ী, থালাপাতি বিজয়ের মোট সম্পদের পরিমাণ ৪০৪.৫৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫২৯ কোটি ৫১ লাখ টাকা)। তামিল সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে তার আয় ছিল ১৮৪ কোটি রুপি। তার হাতে নগদ অর্থ রয়েছে ২ লাখ রুপি। ব্যাংকে জমা রয়েছে ৩২০ কোটি রুপি। ছেলে-মেয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে প্রায় ৪ লাখ রুপি। স্ত্রী সংগীতার ব্যাংক ব্যালান্স ১০.৪৩ কোটি রুপি।
স্ত্রী সংগীতার জন্য বিজয়ের বিনিয়োগ কত?
কিছুদিন আগে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেছেন বিজয়ের স্ত্রী সংগীতা। হলফনামার ঘোষণা অনুযায়ী, থালাপাতি বিজয় তার স্ত্রী সংগীতার নামে ভারতের বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন। ইন্ডিয়ান ব্যাংকে রয়েছে ২৫ কোটি রুপি। অ্যাক্সিস ব্যাংকে ৪০ কোটি রুপি, এইচডিএফসি ব্যাংকে ২০ কোটি রুপি, তাছাড়া ৩৯১ সোভারেন স্বর্ণালঙ্কারও রয়েছে।
থালাপতি বিজয়ের যত গাড়ি
বিজয় তার সম্পদের বিবরণীতে জানিয়েছেন, তার কাছে রয়েছে একটি লেক্সাস গাড়ি (মূল্য: প্রায় ৩ কোটি রুপি), একটি টিভিএস এক্সএল সুপার (মূল্য: ৬৭ হাজার রুপি), দুটো বিএমডব্লিউ, একটি টয়োটা ভেলফায়ার, একটি মারুতি সুইফট। সব মিলিয়ে তার গাড়ির মোট মূল্য প্রায় ৭.৪৫ কোটি রুপি।
কত টাকা ঋণ দিয়েছেন বিজয়?
থালাপাতি বিজয় ব্যক্তি ও সংস্থাকে সর্বমোট ৭৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯৯ কোটি ৪৭ লাখ টাকা) ঋণ দিয়েছেন। এর মধ্যে বিজয়ের বাবা এস.এ. চন্দ্রশেখর নিয়েছেন ৩.০২ কোটি রুপি, মা শোভা চন্দ্রশেখর নিয়েছেন ৮৭ লাখ রুপি, ছেলে নিয়েছে ৮.৭৮ লাখ রুপি, মেয়ে নিয়েছে ৪.৬ লাখ রুপি, স্ত্রী সংগীতা নিয়েছেন ১২.৬০ কোটি রুপি।
বিজয়ের যত বাড়ি
থালাপাতি বিজয়ের মোট ১০টি বাড়ি রয়েছে। বিভিন্ন জায়গায় এসব বাড়ি অবস্থিত। এ তালিকায় রয়েছে—নিলাঙ্কারাই (১টি), উরুর (১টি), মাইলাপোর (১টি), পালিপাট্টু (১টি), পাদুর (১টি), কোরাট্যুর (১টি), সালিগ্রামাম (২টি) এবং শোলিঙ্গানাল্লুর (২টি)। অন্যদিকে, বিজয়ের স্ত্রী সংগীতার কাছে রয়েছে ২ কেজি রূপা, ৩ হাজার ১৩২ গ্রাম সোনা, ১৩৪.৯১ ক্যারেট হীরা। তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১৫.৫১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি ৩০ লাখ টাকা)।
*টাইমস নাউ অবলম্বনে
ঢাকা/শান্ত