পাপনকে সঙ্গে নিয়ে জয় শাহের দুয়ারে পৌঁছাতে চান ‘স্বনামধন্য ক্রিকেটার’
বাংলাদেশ ক্রিকেট অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এক বিস্ফোরক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে। তার অভিযোগে উঠে এসেছে বিসিবিকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে লবিং, সম্ভাব্য রাজনৈতিক প্রভাব এবং আইসিসির শাস্তি এড়ানোর চেষ্টার মতো গুরুতর বিষয়।
সজীব ভূঁইয়ার দাবি অনুযায়ী, একজন স্বনামধন্য বাংলাদেশি ক্রিকেটার বর্তমানে আন্তর্জাতিক মহলে সক্রিয়ভাবে লবিং করছেন, যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভাঙার প্রক্রিয়াকে কেন্দ্র করে আইসিসি কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ না করে। তিনি উল্লেখ করেন, এই লবিংয়ের অংশ হিসেবে ওই ক্রিকেটার সম্প্রতি লন্ডনে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাক্ষাৎ করেন।
পোস্টে আরও দাবি করা হয়, ওই বৈঠকে আইসিসি সভাপতি জয় শাহর সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য পাপনের সহায়তা চাওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, বোর্ড ভাঙার সম্ভাব্য পদক্ষেপের কারণে আইসিসি থেকে আর্থিক নিষেধাজ্ঞা বা অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা এড়াতেই এই প্রচেষ্টা চালানো হচ্ছে।
এটি প্রথমবার নয় বলে উল্লেখ করেন সজীব ভূঁইয়া। তার ভাষ্যমতে, বিসিবি নির্বাচনের সময়ও একই ক্রিকেটার ভারতীয় তারকা বিরাট কোহলির মাধ্যমে জয় শাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। ফলে বিষয়টি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদি কৌশলের অংশ বলেই তিনি ইঙ্গিত দিয়েছেন।
আন্তর্জাতিক প্রেক্ষাপট টেনে তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উদাহরণও তুলে ধরেন, যেখানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে আইসিসি কঠোর ব্যবস্থা নিয়েছিল। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
যদিও সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি মূলত জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু- গণভোট, জুলাই সনদ ও অধ্যাদেশ বাতিল নিয়ে ব্যস্ত ছিলেন এবং বিসিবি প্রসঙ্গে কথা বলতে চাননি। তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে ‘পার্শ্ববর্তী দেশের প্রভাব’ এবং ‘ফ্যাসিবাদের দোসরদের সক্রিয়তা’ নিয়ে উদ্বেগ থেকেই তিনি মুখ খুলেছেন বলে উল্লেখ করেন।
সবশেষে তিনি সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন বর্তমান সরকারের দিকে- প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এসব বিষয়ে অবগত কি না, নাকি পুরো প্রক্রিয়াই সম্মিলিতভাবে পরিচালিত হচ্ছে।
এদিকে বিসিবির চলমান বোর্ড সভা এবং তা ঘিরে গঠিত তদন্ত কমিটির কার্যক্রমও নতুন করে আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠছে, এই অভিযোগগুলো কতটা সত্য এবং এর পেছনে প্রকৃত উদ্দেশ্য কী।
বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ, আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রশাসনিক স্বচ্ছতা- সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন জটিল মোড়ে দাঁড়িয়ে।
ঢাকা/আমিনুল
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের