ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:০৯, ৫ এপ্রিল ২০২৬
তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অনিয়ম, অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, রাতের আধারে ভোটসহ নানা অভিযোগ উঠেছে অনেক আগেই। সেই বিষয়ে তদন্ত করতে নেমেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। তারা পাঁচ সদস্যের কমিটি তৈরি করে বিসিবির বিতর্কিত নির্বাচন নিয়ে নিরপেক্ষ তদন্ত করে।

তদন্ত কমিটি বিসিবির একাধিক পরিচালক, নির্বাচন বয়কট করা প্রার্থী, ক্লাব সংগঠক, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছে। তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার কথা ছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের।

আরো পড়ুন:

কিন্তু তিনি লিখিতভাবে নিজের জবাব দিয়েছেন। তদন্ত কমিটি ডেকেছিল সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকেও। তার মেয়াদেই বিসিবি নির্বাচন হয়েছিল। বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হয়েছে সেই অভিযোগও উঠেছিল। কিন্তু তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান ও অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান।

রোববার (০৫ এপ্রিল) তদন্ত কমিটি নিজেদের প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে। গণমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আসাদুজ্জামান বলেছেন, ‘‘আসলে আমরা তাকে (আসিফ মাহমুদকে) ডেকেছিলাম। উনার কোন বক্তব্যের জন্য। উনি কিছু বলতে চান কিনা সেই জন্য। উনাকে একিউজ করার জন্য না। আমরা জাস্টিফিকেশনের জন্য কিছু বলি নাই। উনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল। উনি আমাদের কাছে আসেন নাই।’’

শুধু আসিফ মাহমুদ না, জাতীয় ক্রীড়া পরিষদ যে নির্বাচন কমিশন তৈরি করেছিল তাদেরকেও ডেকেছিল কমিটি। তারাও সরাসরি মুখোমুখি হননি, ‘‘সংশ্লিষ্ট সবাইকে আমরা চেষ্টা করেছি নিয়ে এসে তাদের সাথে কথা বলার জন্য। তারাও আসেনি (নির্বাচন কমিশন)। লিখিত বক্তব্য দিয়েছেন আমাদেরকে।’’

নিরপেক্ষ তদন্তের স্বার্থে সামনাসামনি আসা গুরুত্বপূর্ণ হয়ে উঠে। সেখানে লিখিত বক্তব্য দিয়ে কেবল দায়সারা কাজ কতটা যৌক্তিক হয়েছে সেই প্রশ্নও উঠছে। একই সঙ্গে কমিটি এই লিখিত বক্তব্য গ্রহণ করেছে কিনা সেই প্রশ্নও আছে।

‘‘আমরা জুডিশিয়াল ইনকোয়ারি করিনি। আমরা একিউজ করিনি। কোন চার্জ ফ্রেম করিনি। কাউকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে ক্রিমিনাল ট্রায়ালে যেমন ৩৪২ এর মাধ্যমে নিয়ে আসতে হলে জানতে হয়। আমরা এই প্রসিডিউরে যাই নাই কিন্তু। আমরা ইনকোয়ারি করে দেখছি সিস্টেমগতভাবে আইনের যেভাবে বলা আছে, সেভাবে প্রসিডিউর মেইনটেইন করা হয়েছে কি হয়নি, এইটুকুই আমরা রিপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আর কিছু না। কাউকে আমরা একিউজ করিনি বারবার বলছি আমরা।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়