ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাবিতে হাইকোর্ট জুরিসডিকশন বিষয়ক সেমিনার

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:২০, ৫ এপ্রিল ২০২৬
জাবিতে হাইকোর্ট জুরিসডিকশন বিষয়ক সেমিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘হাইকোর্ট বিভাগের আদি এখতিয়ার (অরিজিনাল জুরিসডিকশন): কোম্পানি, রিট ও অ্যাডমিরালটি ফ্রেমওয়ার্ক’ শীর্ষক ক্যারিয়ার গাইডেন্স ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আইন ও বিচার বিভাগ এবং জাবি ক্যারিয়ার ক্লাবের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। সেমিনারে হাইকোর্ট বিভাগের এখতিয়ার এবং আইনি পেশায় ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আরো পড়ুন:

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ তাহসিন আলী। তিনি হাইকোর্ট বিভাগের অরিজিনাল জুরিসডিকশনের বিভিন্ন দিক, বিশেষ করে কোম্পানি, রিট ও অ্যাডমিরালটি আইন সম্পর্কিত বিষয়গুলোর ব্যবহারিক প্রয়োগ শিক্ষার্থীদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আইনের প্রয়োগে নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আইনের মূল ভিত্তি হলো নৈতিকতা। সমাজের নৈতিক মূল্যবোধের পরিবর্তনের সঙ্গে আইনের গতিপথও পরিবর্তিত হয়।”

তিনি আরো বলেন, “একজন দক্ষ আইনজীবী হয়ে উঠতে আইনি বিধিবিধান ও সংবিধান সম্পর্কে জ্ঞানের পাশাপাশি নীতিবিদ্যা এবং সামাজিক মূল্যবোধের গভীর উপলব্ধি থাকা জরুরি।

আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও বিভাগের সভাপতি অধ্যাপক মো. রবিউল ইসলাম বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে আইন শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না। ব্যবহারিক জ্ঞান, গবেষণামুখী দৃষ্টিভঙ্গি ও পেশাগত দক্ষতার সমন্বয়ে নিজেদের প্রস্তুত করতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে সহায়ক হবে।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন জাবি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

ঢাকা/আহসান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়