ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রের ২টি বিমান-হেলিকপ্টার-ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:১৮, ৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ২টি বিমান-হেলিকপ্টার-ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইরানি বাহিনীর গুলিতে ভূপাতিত একটি মার্কিন বিমানের ধ্বংসাবশেষের এই ছবিটি রবিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইসফাহানে মার্কিন বাহিনীর দুটি ‘সি-১৩০’ বিমান, দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ও দুটি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। 

রবিবার (৫ এপ্রিল) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসফাহানে মার্কিন বাহিনী নিখোঁজ ক্রু উদ্ধার অভিযান চালানোর সময় ইরানের সামরিক বাহিনী তা সফলভাবে মোকাবিলা করেছে।

আরো পড়ুন:

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে মার্কিন সি-১৩০ বিমান ধ্বংসের ছবি প্রকাশ করেছেন। এছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনেও বিমান, হেলিকপ্টার ও ড্রোন ভূপাতিত করার ফুটেজ প্রচার করা হচ্ছে।

আইআরজিসির বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইরানি বাহিনী দক্ষিণ ইসফাহান প্রদেশে যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ বিমান, দুটি ব্ল্যাক হক ও দুটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করেছে।

আইআরজিসির এক মুখপাত্রের দাবি, “নিখোঁজ ক্রুকে উদ্ধারে শত্রুপক্ষের বেপরোয়া ও শত্রুতামূলক অভিযানের সময় ইসফাহানের দক্ষিণে তাদের আক্রমণাত্মক বিমান আঘাত হেনে ধ্বংস করা হয়েছে।”

ইরান এ ঘটনাকে তাদের বড় ধরনের বিজয় হিসেবেও তুলে ধরছে। কেননা, যুক্তরাষ্ট্রের দাবি ছিল, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় কোনো সক্ষমতা নেই। কিন্তু একের পর এক মার্কিন বিমান লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইরান সেই দাবিকে চ্যালেঞ্জ জানাচ্ছে।

ইসফাহানের দুর্গম এলাকায় গত শুক্রবার ভূপাতিত হওয়া মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ সেই ক্রু সদস্যকে আজ রবিবার উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ওই ক্রু সদস্যকে ফিরিয়ে আনতে মার্কিন সামরিক বাহিনী ‘বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত ডজন ডজন বিমান’ পাঠিয়েছিল। ট্রাম্প আরও যোগ করেন, “তিনি কিছু আঘাত পেয়েছেন, তবে তিনি ঠিক হয়ে যাবেন।”

উল্লেখ্য, গত শুক্রবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করার পরপরই এর পাইলট নিরাপদে বের হতে (ইজেক্ট) করতে সক্ষম হন। মার্কিন বাহিনীর দুটি সামরিক হেলিকপ্টার ইরানের আকাশে উদ্ধার অভিযান চালিয়ে পাইলটকে উদ্ধার করে নিয়ে আসে। বিমানটির দ্বিতীয় ক্রু সদস্য ৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ থাকার পর, মার্কিন বাহিনী আজ রবিবার তাকেও উদ্ধার করার দাবি করেছে।

তবে ইরানের আকাশসীমায় মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত এবং উদ্ধার অভিযানে বিমান ও হেলিকপ্টার হারানোর ঘটনায় মার্কিন বিমান বাহিনীর প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। 

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়