ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রমনা বটমূলে বর্ষবরণসহ দেশের সব আয়োজন হবে: সংস্কৃতিমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ৫ এপ্রিল ২০২৬  
রমনা বটমূলে বর্ষবরণসহ দেশের সব আয়োজন হবে: সংস্কৃতিমন্ত্রী 

সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পহেলা বৈশাখ উদযাপন নিয়ে বৈঠক হয়।

আগামী পহেলা বৈশাখে রমনার বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানসহ দেশের নিয়মিত সব আয়োজন যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে। রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় এ তথ্য জানানো হয়।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, নববর্ষ উদযাপনে অনুষ্ঠানের ধরনে কোনো পরিবর্তন আসবে না। তবে পহেলা বৈশাখের প্রধান শোভাযাত্রাটির নাম পরিবর্তন করে এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরো পড়ুন:

মন্ত্রী বলেন, নামকরণে পরিবর্তন আনা হলেও এই শোভাযাত্রার মূল কাঠামো ও ঐতিহ্যে পরিবর্তন আসবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এর চিরাচরিত মোটিফ, লোকজ সাজসজ্জা এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকবে।

একইসঙ্গে রমনার বটমূলে ছায়ানটের প্রভাতী আয়োজন এবং অন্যান্য সব নিয়মিত কর্মসূচি আগের মতো উৎসবমুখর পরিবেশে পালিত হবে বলে সভায় নিশ্চিত করা হয়। উৎসবকে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং বিতর্কহীন করতে নামকরণে এই পরিবর্তন আনা হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বাংলা নববর্ষ ১৪৩৩ এবং পাহাড়ি জনপদগুলোতে চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব উদযাপনের প্রস্তুতি সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়