সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২, বিল পাস
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে বিল পাস করেছে জাতীয় সংসদ।
রবিবার (৫ এপ্রিল) অধিবেশনে কণ্ঠ ভোটে বিলটি অনুমোদন দেওয়া হয়।
‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ শীর্ষক এ প্রস্তাব উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
নতুন আইনের অধীনে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারসহ সব ধরনের সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। আগে যেখানে অনেক ক্ষেত্রে এই সীমা ৩০ বছর ছিল, এখন তা বাড়িয়ে সমন্বিতভাবে ৩২ করা হলো। একইসঙ্গে স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর ক্ষেত্রেও একই সীমা প্রযোজ্য হবে।
তবে যেসব পদে আগে থেকেই ৩৫, ৪০ বা ৪৫ বছর পর্যন্ত বয়সসীমা নির্ধারিত ছিল, সেসব ক্ষেত্রে বিদ্যমান উচ্চতর সীমা বহাল থাকবে। ফলে নতুন আইনের কারণে কারও সুযোগ কমবে না। পাশাপাশি প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োগ তাদের নিজস্ব বিধিমালা অনুযায়ী চলবে।
শিক্ষিত বেকার তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব তৈরির লক্ষ্যেই বয়সসীমা বাড়ানো হয়েছে। এর আগে জারি করা অধ্যাদেশগুলোর কিছু অস্পষ্টতা দূর করে এবার স্থায়ী আইনি কাঠামো দেওয়া হলো।
ঢাকা/এএএম//
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের