ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ৫ এপ্রিল ২০২৬  
১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

ফাইল ফটো

হতদরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবারকে ভর্তুকিমূল্যে চাল দেওয়া হচ্ছে। উপকারভোগীরা বছরে ছয় মাস (আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ-এপ্রিল) এ সুবিধা পাবেন। পরিবারগুলো প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাচ্ছে।

রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির জন্য মোট ১০ লাখ টন চাল বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে চলতি বছরের ১৯ মার্চ পর্যন্ত বিতরণ হয়েছে ৭ দশমিক ৯৩ লাখ টন চাল, যা মোট বরাদ্দের প্রায় ৭৯ শতাংশ।

এ কর্মসূচির আওতায় পুষ্টি চাহিদা পূরণে কিছু এলাকায় পুষ্টিচালও দেওয়া হচ্ছে। ২৪৮টি উপজেলায় ভিটামিন এ, বি-১, বি-১২, বি-৯ (ফলিক অ্যাসিড), আয়রন ও জিংকসমৃদ্ধ ৩ দশমিক ৭ লাখ টন চাল পাঁচ মাসে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রমও চালু রয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। 

এর আওতায় ১২টি সিটি করপোরেশন, ১৪টি শ্রমঘন জেলা ও ৫২টি জেলা সদরের পৌরসভায় ১ হাজার ৯১টি বিক্রয়কেন্দ্র থেকে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিদিন এসব কেন্দ্রে ১ হাজার ১৮৫ টন চাল ও ১ হাজার ৪৩২ টন আটা সরবরাহ করা হচ্ছে।

চালের বাজারদর নিয়ন্ত্রণে বিশেষ কর্মসূচির মাধ্যমে ৪১৮টি উপজেলায় ৮৩৬টি বিক্রয়কেন্দ্রে প্রতিদিন ৪০৬ টন চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চলতি অর্থবছরে ওএমএস কার্যক্রমে ৩ লাখ টন চাল ও ৫ দশমিক ২৫ লাখ টন গম বরাদ্দ রয়েছে। এর মধ্যে মার্চ পর্যন্ত ২ দশমিক ৯ লাখ টন চাল ও ৩ দশমিক ২৭ লাখ টন গম বিতরণ হয়েছে, যা মোট বরাদ্দের প্রায় ৭০ শতাংশ।

অন্যদিকে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ৬৭ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পরিবারকে প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে। এজন্য প্রতি মাসে ৩৩ হাজার ৮৩৩ টন চাল সরবরাহ করা হচ্ছে বলে সংসদে জানান খাদ্যমন্ত্রী।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়