আশুলিয়ায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযানে গাঁজা, চোলাই মদ ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় বিষয়টি জানিয়েছেন ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ইউনিক বাসস্ট্যান্ড ও নরসিংহপুর লালপাহাড় সিটি এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে ইউসুফ আলী (৪৫), তার স্ত্রী শিল্পী বেগম (৪০), আরিফ হোসেন রাজু (২৬) ও বিদ্যুৎ সরকার (৪০) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রথম অভিযান চালানো হয়। সেখানে ইউসুফ আলী ও শিল্পী বেগমকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। একই স্থান থেকে আরিফ হোসেন রাজুকে ২০ লিটার চোলাই মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
পরে ভোরে নরসিংহপুর লালপাহাড় সিটি এলাকায় আরেকটি অভিযানে বিদ্যুৎ সরকারকে ৫১টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তার ইউসুফ আলী ও বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে পাঁচটি করে মামলা রয়েছে।
ডিবি অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।”
ঢাকা/সাব্বির/জান্নাত
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের