বেরোবি জনসংযোগ পরিচালকের সাথে মতবিনিময় সভা
বেরোবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের নবনিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাসুদ রানার সঙ্গে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শওকাত আলী। এছাড়া, উপস্থিত ছিলেন আইকিউএসি পরিচালক প্রফেসর মো. তাজুল ইসলাম। মতবিনিময় সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেসক্লাব এবং কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের সদস্যরা অংশ নেন।
এ সময় সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং তথ্যপ্রবাহ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলে ধরেন।
উপাচার্য তার বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয় একটি জ্ঞানচর্চার কেন্দ্র, যেখানে শিক্ষা, গবেষণা ও সুশাসন একসঙ্গে এগিয়ে নিতে হয়। এই অগ্রযাত্রায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম, একাডেমিক সাফল্য এবং চ্যালেঞ্জগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
নবনিযুক্ত জনসংযোগ পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাসুদ রানা বলেন, “জনসংযোগ বিভাগকে আরো গতিশীল ও তথ্যসমৃদ্ধ করতে আমরা কাজ করছি।” তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সঙ্গে সমন্বয় জোরদারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরো কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।
সভায় অংশ নেওয়া সাংবাদিকরাও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা/সাজ্জাদ/জান্নাত
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা