আগারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
রাজধানীর আগারগাঁওয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছে র্যাব।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, জব্দকৃত তেলের পরিমাণ ২৯৬ লিটার। এর মধ্যে ১৫৮ লিটার অকটেন এবং ১৩৮ লিটার ডিজেল রয়েছে। সাম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের কৃত্রিম সংকটকে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় অবৈধভাবে তেল মজুত করছে এবং খোলা বাজারে বেশি দামে বিক্রি করছে—এমন তথ্যের ভিত্তিতে র্যাব এই অভিযান পরিচালনা করে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে দোষী সাব্যস্ত করে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।
জ্বালানি তেলের অসাধু মজুতদারদের বিরুদ্ধে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে দেশজুড়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচারের বিরুদ্ধে সরকারের ব্যাপক নজরদারি ও অভিযান চলমান রয়েছে।
ঢাকা/এমআর//
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা