ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গুরুতর আহত, স্ত্রী নিহত
ইরানের সাবেক পররাষ্টমন্ত্রী কামাল খারাজি
মার্কিন-ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়েছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি। এই হামলায় তার স্ত্রী নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানি সংবাদমাধ্যমগুলো জানায়, বুধবার (১ এপ্রিল) তেহরানে খারাজির বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। শারঘ, এত্তেমেদ এবং হাম মিহান পত্রিকার তথ্যমতে, তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আল-জাজিরার তেহরান প্রতিনিধি মোহাম্মদ ভালের মতে, “সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজির ওপর একটি গুপ্তহত্যার প্রচেষ্টা চালানো হয়েছে বলে মনে হচ্ছে... কেন তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে তা আমাদের জানা নেই। তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন এবং তার স্ত্রী নিহত হয়েছেন।”
ভাল আরও জানান, এই হামলার সঠিক কারণ অস্পষ্ট থাকলেও খারাজি স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর প্রধান এবং প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সাবেক উপদেষ্টা হিসেবে পরিচিত ছিলেন।
বৃহস্পতিবার তেহরান, ইসফাহান এবং শিরাজসহ ইরানজুড়ে বিমান হামলার খবর পাওয়া গেছে। দক্ষিণ ইরানের লারেস্তানে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ডের মুখপাত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘স্থায়ী অনুশোচনা ও আত্মসমর্পণ’ না করা পর্যন্ত তেহরান মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ চালিয়ে যাবে।
খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জুলফিকারি বলেছেন, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল্যায়ন ছিল ‘অসম্পূর্ণ’। তেহরান তাদের সামরিক তৎপরতা আরও জোরদার করবে এবং শত্রুদের জন্য সামনে আরও ‘ধ্বংসাত্মক’ হামলা অপেক্ষা করছে।
এই হুমকিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরপরই এসেছে। ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বিমান হামলা শুরু করার পর থেকে ইরানে ১ হাজার৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলে অন্তত ২৪ জন এবং এই অঞ্চলে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
ঢাকা/ফিরোজ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা