ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে হামলা: জড়িতদের বহিষ্কার ও সনদ বাতিলের দাবি ডুজার

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ২৪ এপ্রিল ২০২৬  
ঢাবিতে হামলা: জড়িতদের বহিষ্কার ও সনদ বাতিলের দাবি ডুজার

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের স্থায়ী বহিষ্কার ও সনদপত্র বাতিলের দাবিতে উপাচার্যের কাছে অভিযোগপত্র দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও বিপ্লবী ছাত্র পরিষদ।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য কার্যালয় সংলগ্ন আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে ডুজার নেতারা এ অভিযোগপত্র জমা দেন।

আরো পড়ুন:

অভিযোগপত্রে হামলায় জড়িত মোট ১২ জনের নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, আবাসিক হল ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিকেলের মধ্যে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের আল্টিমেটাম দেন সাংবাদিকরা।

ডুজার পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়—হামলায় জড়িত সকল শিক্ষার্থীকে অবিলম্বে বহিষ্কার করে তদন্তের ভিত্তিতে স্থায়ী বহিষ্কার নিশ্চিত করা, যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদপত্র তদন্ত সাপেক্ষে বাতিল করা এবং তালিকার বাইরে জড়িতদের শনাক্ত করে একই ধরনের ব্যবস্থা নেওয়া।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিচ্ছি। ইতোমধ্যে দুটি কমিটি গঠন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, একই ঘটনায় এক প্রেস বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মনসুরুল হক শান্ত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি শহীদুল্লাহ হল ও বিজয় একাত্তর হল প্রাঙ্গণে ছাত্রদল, ডাকসু ও শিবির নেতাকর্মীদের মধ্যে সংঘটিত সহিংসতায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বিশেষ করে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলাকে তারা নিন্দনীয়, অগ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে উল্লেখ করে। নেতারা বলেন, “কোনো রাজনৈতিক বা মতবিরোধের সমাধান সহিংসতার মাধ্যমে হতে পারে না; বরং সংলাপ, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমেই সমাধান সম্ভব।”

তারা আরো বলেন, “সাংবাদিকদের ওপর হামলা সত্য প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।” ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সংগঠনটি মনে করে, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জ্ঞানচর্চার স্থান, যেখানে সহিংসতার কোনো জায়গা নেই। তাই ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল ছাত্র সংগঠনকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।

ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার রয়েছেন সাংবাদিকরা।

এছাড়াও, এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একাত্মতা প্রকাশ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। সংগঠনটি অভিযোগ করেছে, এসব ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত।

শুক্রবার (২৪ এপ্রিল) সংগঠনের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এক যৌথ বিবৃতিতে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ২২ ও ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্তত ১৬ জন সাংবাদিক ছাত্রদলের নেতা-কর্মীদের হামলা, শারীরিক লাঞ্ছনা ও ভয়ভীতির শিকার হয়েছেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে একইসঙ্গে এতসংখ্যক সাংবাদিকের ওপর হামলার ঘটনা অতীতে খুব কমই ঘটেছে বলে উল্লেখ করা হয়।

নেতারা বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নষ্ট হওয়া মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত এবং গণতান্ত্রিক মূল্যবোধের জন্য অশনিসংকেত। তারা আরো বলেন, “সাংবাদিকরা সবসময় সত্য তুলে ধরার দায়িত্ব পালন করে আসছেন। সেই সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। যারা সংবাদপেশাকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতে চায়, তারা মূলত গণতন্ত্রকেই দুর্বল করতে চায়।”

বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনে এ ধরনের সংঘবদ্ধ হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়