ঢাকা     শনিবার   ২৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১২ ১৪৩৩ || ৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বারে অভিযানের নামে হয়রানির অভিযোগ ওনার্স অ্যাসোসিয়েশনের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ২৫ এপ্রিল ২০২৬  
বারে অভিযানের নামে হয়রানির অভিযোগ ওনার্স অ্যাসোসিয়েশনের

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে অবৈধ মাদক উদ্ধারের নামে লাইসেন্সধারী বৈধ অ্যালকোহল বারে অভিযান চালিয়ে গ্রাহকদের হয়রানি করার অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বার ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর হোসেইন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ আজম দাবি করেছেন, ব্যক্তিগত অ্যালকোহল লাইসেন্সধারী নারী ও পুরুষদের নির্বিশেষে এই হয়রানির শিকার হতে হচ্ছে।

নেতারা অভিযোগ করেন, সরকারের বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স নিয়ে পরিচালিত এসব প্রতিষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তোয়াক্কা না করে অপেশাদার কায়দায় অভিযান চালানো হচ্ছে।

তাদের মতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ব্যবসাগুলোকে ‘অনৈতিক’ তকমা দিয়ে লাইভ টিভি বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে, যা মূলত একটি কট্টর গোষ্ঠীকে সন্তুষ্ট করার অপচেষ্টা মাত্র।

বিবৃতিতে আরো বলা হয়, অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী উচ্চ শুল্ক পরিশোধ করে পরিচালিত এই বৈধ খাতকে অবৈধ হিসেবে উপস্থাপন করা বেআইনি। পর্যটন শিল্পের বিকাশে বাধা সৃষ্টিকারী এ ধরনের কার্যক্রম দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পথে একটি বড় প্রতিবন্ধকতা এবং অশনি সংকেত বলে মনে করছে সংগঠনটি।

তারা এই হয়রানি বন্ধে এবং নিয়মতান্ত্রিক পন্থায় তদারকি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ঢাকা/এমআর/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়