সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনকে আসামি করে মামলা
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের নান্দাইলে তিন বছর বয়সী কন্যা শিশুর সামনে নারীকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ওই নারীর বাবা নান্দাইল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় একজনের নাম উল্লেখ এবং বাকি ছয়জন অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। গুরুতর অসুস্থ মা ও আহত শিশুকে হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর পাঁচ দিন আগে নান্দাইল-তাড়াইল সড়কের শিমুলতলী এলাকায় ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।
ওই নারী উপজেলার কান্দিউড়া গ্রামের ইন্দু মিয়ার বাড়ির পাশে মতি মিয়ার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। স্থানীয়দের কাছে জানতে পেরে তাকে উদ্ধার করে পুলিশ।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেছেন, “ভুক্তভোগী নারীর পরিচয় জানার পর তার বাবাকে খবর দেওয়া হয়। তিনি আজ দুপুরে থানায় এসে মামলা দায়ের করেন। ভিক্টিমকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে, চিকিৎসক না থাকায় আগামীকাল সোমবার যেতে বলা হয়েছে। ভুক্তভোগী নারীকে আদালতে জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে।”
গত ১৯ এপ্রিল বিকেলে বাবার বাড়ি সুনামগঞ্জ থেকে শ্বশুরবাড়ি ভালুকায় যাওয়ার জন্য শিশু কন্যাকে সঙ্গে নিয়ে রওনা হন ওই নারী। সন্ধ্যার পর পথ হারিয়ে ফেললে কয়েকজন লোক তাকে পৌঁছে দেওয়ার কথা বলে নান্দাইল চৌরাস্থা থেকে তাড়াইল সড়ক দিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে একটি বিলের ধারে নিয়ে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে অপেক্ষমান দুজন পাশের একটি বাড়িতে নিয়ে আবার ধর্ষণ করে।
ঢাকা/মিলন/রফিক