সিংড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নাটোরের সিংড়ায় বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ঠেংগা পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সম্রাট হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে চলনবিল এলাকায় অন্য শ্রমিকদের সঙ্গে ধান কাটছিলেন সম্রাট। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি কাজ বন্ধ করে পাশের একটি ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম রফিক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”
ঢাকা/আরিফুল/রাজীব