গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, নিরাপত্তা জোরদার
ফাইল ফটো
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠন নাশকতার পরিকল্পনা করছে বলে তথ্য পেয়েছে গোয়েন্দা বিভাগ। এমন তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও জনসমাগমপূর্ণ স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের কাছে একটি বিশেষ গোয়েন্দা বার্তার মাধ্যমে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি ইসতিয়াক আহম্মেদ সামী (ওরফে আবু বক্কর বা আবু মোহাম্মদ) নামক নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, উগ্রবাদী সংগঠনের সদস্যরা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা এবং জনসমাগমপূর্ণ স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছিল।
নাশকতা মোকাবিলায় পুলিশ সদর দপ্তর থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দর, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর এবং জনগুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে।
মেট্রোপলিটন এলাকা ও জেলা পর্যায়ে সন্দেহভাজন এলাকাগুলোতে নিয়মিত টহল এবং তল্লাশি চৌকি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সিসিটিভি ক্যামেরার সক্রিয়তা নিশ্চিত করা এবং সন্দেহভাজন ব্যক্তিদের অনলাইন কার্যক্রম (সোশ্যাল মিডিয়া মনিটরিং) পর্যবেক্ষণ করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা রোধে প্রতিটি ইউনিটের নিজস্ব গোয়েন্দা বিভাগকে হাই অ্যালার্টে রাখা।
ঢাকা/এমআর/ইভা