হাতি সম্পর্কে ১০টি মজার ও গুরুত্বপূর্ণ তথ্য
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম
মানুষের মতো হাতিদেরও আলাদা ব্যক্তিত্ব থাকে। ছবি: সংগৃহীত
প্রাণিজগতের বুদ্ধিমান ও সংবেদনশীল এক প্রাণীর নাম হাতি। দলের কোনো হাতি মরে গেলে তারাও মানুষের মতো শোক প্রকাশ করতে পারে। জানেন?—হাতি কখনও চার পা তুলে লাফ দিতে পারে না। পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ স্তন্যপায়ী প্রাণীর নাম হাতি। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এদের দেখা মেলে। শক্তি, দীর্ঘায়ু ও প্রজ্ঞার প্রতীক হিসেবে পরিচিত এই প্রাণী। নিচে হাতি সম্পর্কে ১০টি মজার ও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো—
১. হাতিরা শোক প্রকাশ করে
মানুষের মতো হাতিরাও তাদের দলের কোনো সদস্য মারা গেলে শোক করে। তারা মৃত হাতির চারপাশে জড়ো হয় এবং অনেক সময় দীর্ঘক্ষণ সেখানে থাকে।
২. হাতি আয়নায় নিজেকে চিনতে পারে
হাতিরা আয়নায় নিজেদের চিনতে পারে এবং শুঁড় দিয়ে শরীর স্পর্শ করে—যেমন মানুষ হাত দিয়ে করে।
৩. হাতি লাফাতে পারে না
হাতির শরীর এমনভাবে গঠিত যে তারা কখনোই চার পা একসঙ্গে মাটি থেকে তুলতে পারে না।
৪. হাতি পায়ের মাধ্যমে শোনে
হাতিরা নিম্ন-কম্পাঙ্কের শব্দ তৈরি করে যা মাটির মাধ্যমে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। অন্য হাতিরা তাদের পায়ের বিশেষ কোষ দিয়ে এই কম্পন অনুভব করে।
৫. হাতিরা বিড়ালের মতো ‘গরগর’ শব্দ করে
খুশি হলে বা একে অপরের সঙ্গে বন্ধন তৈরি করতে হাতিরা হালকা গরগর শব্দ করে, যা বিড়ালের মতো শোনায়।
৬. হাতির গর্ভকাল সবচেয়ে দীর্ঘ
স্থলজ প্রাণীদের মধ্যে হাতির গর্ভধারণের সময় সবচেয়ে বেশি যা প্রায় ২২ মাস।
৭. হাতির বাচ্চারা শুঁড় চোষে
মানব শিশুরা যেমন আঙুল চোষে, তেমনি হাতির বাচ্চারাও শুঁড় চোষে।
৮. মৌমাছির জন্য হাতির আলাদা সতর্ক সংকেত আছে
ছোট মৌমাছিও হাতির জন্য বিপজ্জনক! এজন্য তারা মৌমাছির উপস্থিতি টের পেলে বিশেষ ধরনের সতর্ক শব্দ করে।
৯. কিছু হাতি অন্তর্মুখী হয়
মানুষের মতো হাতিদেরও আলাদা ব্যক্তিত্ব থাকে—কেউ বেশি মিশুক, কেউ আবার একা থাকতে পছন্দ করে।
১০. একা থাকলে হাতি বিষণ্ন হয়ে পড়ে
হাতিরা অত্যন্ত সামাজিক প্রাণী। দীর্ঘদিন একা থাকলে তারা মানসিক চাপ ও বিষণ্নতায় ভুগতে পারে।
আবাসস্থল ধ্বংস, শিকার এবং বাণিজ্যিক কারণে হাতির টিকে থাকা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হাতির অস্তিত্ব আজ হুমকির মুখে।
সূত্র: ওয়ার্ল্ড এনিম্যাল প্রোটেকশন
ঢাকা/লিপি