ঢাকা     শনিবার   ২৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১২ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘আমরা একে অপরের কোনো শূন্যতা পূরণ করছি না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ২৫ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:২০, ২৫ এপ্রিল ২০২৬
‘আমরা একে অপরের কোনো শূন্যতা পূরণ করছি না’

বিশ্বের অন্যান্য দেশের মতো করোনা সংকটের সময়ে ভারতেও লকডাউন ঘোষণা করা হয়েছিল। সেই সময়ে অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ভারতীয় দক্ষিণী সিনেমার তারকা অভিনেত্রী রাকুল প্রীত সিং। দুই বছর আগে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। কয়েক দিন আগে একটি পডকাস্টে দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি।

জ্যাকি ভাগনানি বলেন, “আমরা একে অপরকে বলেছিলাম—আমরা আর ২০-২১ বছর বয়সি নই। আমরা দুজনেই জীবনে অনেক উত্থান-পতন দেখেছি। ব্যক্তিগতভাবে আমি একজন সুখী মানুষ। আমি এমন কাউকে খুঁজছি না যে, আমার কোনো শূন্যতা পূরণ করবে। কারণ আমি নিজেই যদি হতাশাগ্রস্ত হই, তাহলে আমার জীবনে যে-ই আসুক না কেন, আমি হতাশই থাকব। আর তুমিও ব্যক্তিগতভাবে সুখী। আমরা একসঙ্গে থাকলে আরো বেশি সুখী হই।”

আরো পড়ুন:

স্বামীর জ্যাকির কথার সঙ্গে সহমত পোষণ করেন রাকুল প্রীত সিংও। তার মতে, “আমরা একে অপরের জীবনের কোনো শূন্যতা পূরণ করছি না। এমন না যে, তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাওনি বলে আমি অসুখী। আমি নিজেই কোথাও ঘুরতে যেতে পারি। আমার মনে হয়, জীবনে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার আছে।”

আলাপচারিতার এক পর্যায়ে আলোচনা যখন আধুনিক সম্পর্কের ধরন, ‘সিচুয়েশনশিপ’-এর ক্রমবর্ধমান প্রবণতার দিকে যায়, তখন জ্যাকি ব্যাখ্যা করেন কেন অনেকেই এখন এমন সম্পর্ক পছন্দ করেন। এ বিষয়ে জ্যাকি ভাগনানি বলেন, “মানুষ সিচুয়েশনশিপে থাকতে চায় কারণ তারা কোনো চাপ নিতে চায় না। রাকুল আর আমি বিবাহিত। কিন্তু আমরাও যেন সিচুয়েশনশিপে আছি। অবশ্যই, আমরা একে অপরের জন্য বিশেষ। এ কারণে আমরা বিয়ে করেছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আমি তার সঙ্গে যেকোনো বিষয় নিয়ে কথা বলতে পারি।”

খোলামেলা সম্পর্ক বাস্তব জীবনে কীভাবে কাজ করে, তা ব্যাখ্যা করে জ্যাকি ভাগনানি বলেন, “প্রাক্তন প্রেমিকা এতে হয়তো অস্বস্তি বোধ করতে পারেন। রাকুল আমার সম্পর্কে সব জানে। তাই ও যখন সব জানে, তখন আমার কিছু লুকানোর প্রয়োজন নেই। এমনকি, আমি তার সামনেই ফোনকল রিসিভ করি। কারণ আমরা সেরা বন্ধু।”

এই সততা জ্যাকিকে সম্পর্কের মধ্যে স্বাধীনতা অনুভব করতে সাহায্য করে। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাইলে, রাকুল প্রীত তাকে আরো উৎসাহিত করেন বলেও জানান জ্যাকি।

রাকুল বিয়ের প্রচলিত প্রত্যাশাগুলো নিয়ে কথা বলেছেন। অনেক সময় নারীদেরই জীবনসঙ্গীর জন্য নিজেদের মানিয়ে নিতে হয়। তবে এ দম্পতির ক্ষেত্রে ব্যাপারটি আলাদা। এ অভিনেত্রীর ভাষায়—“অনেক দম্পতির ক্ষেত্রে দেখা যায়, পুরুষ সঙ্গী কিছু চায় এবং নারীরা আত্মসমর্পণ করে, এটা বহু বছর ধরে এভাবেই চলে আসছে। নারীরা স্বামীর সময়সূচি অনুযায়ী, নিজেদের পরিকল্পনা সাজায়। কিন্তু আমরা প্রতিটি ক্ষেত্রে সমান।”

অনেক দম্পতি বিয়ের পর নিজেদের পরাধীন মনে করেন। কিন্তু তাদের ক্ষেত্রে তা নয়। রাকুলের ভাষায়—“আমরা সেরা বন্ধুর মতো। আমরা একসঙ্গে সময় কাটানোর জন্য অপেক্ষা করি।”

জ্যাকি তার বক্তব্য শেষ করেন ‘অপোজিটস অ্যাট্রাক্ট’ বা বিপরীত স্বভাবের মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার ধারণার বিষয়টি ব্যাখ্যা করে। এই ধারণাকে চ্যালেঞ্জ করে জ্যাকি ভাগনানি বলেন, “দীর্ঘমেয়াদে এই সম্পর্ক টিকে না। কারণ আপনার চিন্তাভাবনা, নৈতিকতা, পছন্দ-অপছন্দ না মিললে, তখনই পার্থক্য শুরু হয়। এরপরই আমি সঙ্গীর কাছ থেকে কিছু তথ্য গোপন করতে শুরু করি এবং উল্টোটাও ঘটে।”

জ্যাকি-রাকুলের একই ধরনের খাবার পছন্দ। তারা দুজনেই স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন। এ তথ্য স্মরণ করে ‘অপোজিটস অ্যাট্রাক্ট’ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “আমরা সিনেমায় দেখেছি, ‘অপোজিটস অ্যাট্রাক্ট’। কিন্তু আমার মনে হয়, এটা একটা ব্যর্থ ধারণা। এটা শুরুতে হতে পারে। কিন্তু আপনি যদি একই পৃষ্ঠায় না থাকেন, তাহলে সম্পর্ক ভেঙে পড়বে।”

২০২২ সালে রাকুল প্রীতের জন্মদিনে জ্যাকির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী। এরপর বিভিন্ন জায়গায় তাদেরকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে। ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন তারা। ভারতের দক্ষিণ গোয়ার একটি হোটেলে বসেছিল রাকুল-জ্যাকির বিয়ের আসর। সিন্ধি ও পাঞ্জাবি রীতিতে বিয়ে করেন তারা। এসময় দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

*টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়