মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মায়ের ইচ্ছে পূরণে গোপালগঞ্জের কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান জর্ডান প্রবাসী এক যুবক।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার নারকেলবাড়ী গ্রামের সতীশ মধুর ছেলে মিলন মধু হেলিকপ্টারে করে মাদারীপুরের রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে বিয়ে করতে যান।
স্থানীয় সূত্র জানায়, মিলন মধুর মা ললিতা মধুর স্বপ্ন ছিলে ছেলে হেলিকপ্টারে করে বিয়ে করতে যাবেন। এমন ইচ্ছার কথা তিনি তার ছেলেকে জানান। জর্ডান থেকে নারকেলবাড়ী গ্রামে আসলে মিলন মধুর বিয়ে ঠিক হয়। এরপর মায়ের স্বপ্ন পূরণের চেষ্টা শুরু করেন তিনি। শুক্রবার দুপুরে নারকেলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে হেলিকপ্টারটি। এসময় আশপাশের এলাকার শত শত উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ভিড় জমায়। সেখান থেকে হেলিকপ্টারে চড়ে মাদারীপুরের রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে বিয়ে করতে যান তিনি। পাত্রী ওই গ্রামের পলাশ সরকারের মেয়ে কলেজ ছাত্রী প্রেরণা সরকার।
মিলন মধু বলেন, “আমি ১৫ বছর ধরে জর্ডানে থাকি। তিন ভাই ও এক বোনের মধ্যে আমি সবার ছোট। মার ইচ্ছা ছিল, আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। আমি মায়ের ইচ্ছে পূরণে শুক্রবার হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই।”
মিলন মধুর মা ললিতা মধু বলেন, “আমার ইচ্ছা পূরণে মিলন আজ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যায়। আমার খুব আনন্দ লাগছে। আমার ছেলে মিলন আগামী রবিবার
বৌমাকে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরবে।”
সাবেক ইউপি সদস্য বিজয় মধু বলেন, “মিলন সম্পর্কে আমার ভাতিজা। সে তার মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যায়, এ কারণে আমরা আনন্দিত। আমাদের এলাকায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়া এটাই প্রথম।”
ঢাকা/বাদল/মাসুদ