সংবাদ সম্মেলনে অভিযোগ
বিচ্ছেদের পরও ‘হয়রানি’ থামছে না সাবেক স্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
বিচ্ছেদের পরও সাবেক স্ত্রীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছেন সাদ্দাম হোসেন (৩৬) নামে এক যুবক। রবিবার ( ২৬ এপ্রিল) গাজীপুর মহানগরীর কোনাবাড়ী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ করেন।
সাদ্দাম হোসেন গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকার বারেক হাওলাদারের ছেলে। এর আগে, গত মাসে রুমা আক্তারের সঙ্গে সাদ্দামের ডিভোর্স হয়।
সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে রুমার সঙ্গে আমার বিয়ে হয়। পরবর্তীতে আমাদের সংসারে এক কন্যাসন্তান জন্ম নেয়। কিন্তু রুমা একপর্যায়ে বিভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এর প্রতিবাদ করলে আমাকে ডিভোর্স দেয়।”
তিনি বলেন, “ডিভোর্সের আগে রুমার পরিবারের বিভিন্নভাবে আমার টাকা-পয়সা ও সম্পত্তি কেড়ে নেয়। ডিভোর্সের সময় কাবিনের ৪ লাখ টাকাও পরিশোধ করি। তবু রুমা পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়েছে। এমনকি মেয়ের সঙ্গে আমাকে দেখতে দিচ্ছে না।”
সাদ্দাম আরো বলেন, “আমার সাবেক স্ত্রী এখনো আমাকে ভয়ভীতি দেখাচ্ছে। তার বয়ফ্রেন্ড পরিচয়ে একাধিক ব্যক্তি মোবাইলে হত্যার হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
অভিযোগের বিষয়ে জানতে রুমা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের ডিভোর্স হয়ে গেছে। তার বিষয়ে এখন কোনো কথা বলতে আগ্রহী না। তার অভিযোগ মিথ্যে, তার বিষয়ে আমি কোনো কথা বলব না।”
ঢাকা/রেজাউল/রাজীব