ইতিহাস গড়ল বাংলাদেশের নারী হকি দল, টিকিট পেল এশিয়ান গেমসের
প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে নেমেই চমক দেখাচ্ছে বাংলাদেশের নারী হকি দল। বাছাইপর্বে শক্তিশালী হংকংকে আজ রবিবার বিকেলে ২-১ ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বাছাই টুর্নামেন্টে শুরু থেকেই লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ড্র করে সম্ভাবনার আভাস দেয় দলটি। এরপর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে পায় আন্তর্জাতিক পর্যায়ে প্রথম জয়।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ছিল সবচেয়ে বড় পরীক্ষা। শুরু থেকেই সংগঠিত খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। আক্রমণ ও রক্ষণ; দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স করে দলটি। নির্ধারিত সময়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।
এই জয়ের ফলে গ্রুপের শীর্ষ অবস্থান ধরে রেখে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। একই সঙ্গে এশিয়ান গেমসের মূল আসরে খেলার টিকিটও পেয়ে গেছে দলটি।
নারী হকিতে এই সাফল্য দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। এতদিন যেখানে সিনিয়র পর্যায়ে কোনো দলই ছিল না, সেখানে প্রথম অংশগ্রহণেই এমন অর্জন বাংলাদেশের হকিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
ঢাকা/আমিনুল