কুবি প্রেস ক্লাবের নতুন সভাপতি এমদাদুল
কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সভাপতি এমদাদুল হক
‘সর্বদা সত্যের সন্ধানে’ এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাবের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির শূন্য পদগুলো পুনর্গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাইজিংবিডি ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এমদাদুল হক এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন প্রবাসীর দিগন্তের প্রতিনিধি অমি দেব।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের এবং উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্যসচিব নাহিদ ইকবাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শতাব্দী জুবায়ের বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবকে আরো সুশৃঙ্খল ও গতিশীল করতে এই পুনর্গঠন করা হয়েছে। আমরা আশা করি, নতুন দায়িত্বপ্রাপ্তরা সংগঠনের কার্যক্রমকে আরো প্রাণবন্ত করে তুলবেন।”
নবনিযুক্ত সভাপতি এমদাদুল হক বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্ল্যাটফর্ম। আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সংকট তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।”
নতুনভাবে মনোনীতরা প্রেস ক্লাবের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির অবশিষ্ট মেয়াদকাল দায়িত্ব পালন করবেন।
ঢাকা/এমদাদুল/জান্নাত